মিশরে বিদেশী দূতাবাসে হামলার চেষ্টা ব্যর্থ
বিদেশী দূতাবাসে আত্মঘাতী হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে এর সঙ্গে জড়িত জঙ্গি সংগঠন আল কায়েদার সঙ্গে সম্পর্কিত তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে মিশরের নিরাপত্তা বাহিনী।
শনিবার এ কথা জানিয়েছেন মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী মোহামেদ ইব্রাহিম।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের সঙ্গে মধ্যপ্রাচ্য ও পাকিস্তানি জঙ্গিদের যোগাযোগ আছে। তাদের কাছ থেকে ১০ কেজি বোমা বানানোর উপকরণ অ্যালুমিনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে।
তবে কোন দেশের দূতাবাসকে লক্ষ্য করে জঙ্গিরা হামলার পরিকল্পনা করছিল তা জানাতে অস্বীকার করেন তিনি।
টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মিশরের মাটিতে গুরুত্বপূর্ণ বিদেশী দূতাবাসে হামলার পরিকল্পনারত একটি সন্ত্রাসী চক্রকে স্বরাষ্ট্রমন্ত্রণালয় পাকরাও করতে সক্ষম হয়েছে।”
গ্রেপ্তারকৃত তিন জঙ্গির মধ্যে দুইজনকে ভূমধ্যসাগর তীরবর্তী বন্দর শহর আলেকজান্দ্রিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাষ্ট্রিয় বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে। তবে অপরজনকে কোথা থেকে আটক করা হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
দীর্ঘদিন ধরেই মিশর ইসলামী জঙ্গিদের সূতিকাগার, আল কায়েদার নেতা আয়মান আল জাওয়াহিরি একজন মিশরীয়।
ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড সমর্থিত প্রেসিডেন্ট মোহামেদ মুরসি ক্ষমতায় আসার পর এ নিয়ে দ্বিতীয় বারের মতো জঙ্গি চক্র গ্রেপ্তারের কথা ঘোষণা করলো মিশরীয় কর্তৃপক্ষ।
