পাকিস্তানে ভোটের দিনে সহিংসতায় নিহত ১৮
পাকিস্তানে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বন্দরনগরী করাচিসহ বিভিন্ন স্থানে সহিংসতায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধ শতাধিক। নির্বাচনের বিরোধিতা করে ভোটগ্রহণ চলাকালে হামলা চালানোর হুমকি দিয়েছিল তালেবান।
পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে এই প্রথম নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু নির্বাচন বর্জনে তালেবানের ডাক ও অব্যাহত বোমা হামলায় হতাহতের ঘটনায় নির্বাচনের উদ্দীপনা অনেকটাই ফিকে হয়ে গেছে।
পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর এপ্রিলের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় অন্তত একশ ৩০ জন নিহত হয়েছে।
শনিবার ভোট চলাকালে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে তিনটি বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে বলে সিএনএন জানিয়েছে। এর মধ্যে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) কার্যালয়ে দুটি বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৪০ জন।
তৃতীয় বিস্ফোরণটি ঘটেছে করাচির উপশহর লাধিতে, যাতে অন্তত তিন জন নিহত ও নয়জন হয়েছে। এই শহরে গোলাগুলি হয়েছে বলেও স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে করাচির জিন্না হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সেমি জামালি জানিয়েছেন।
এদিকে, বেলুচিস্তানে বন্দুকধারীদের গোলাগুলিতে অন্তত চার জন নিহত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
সিন্ধুর প্রাদেশিক পরিষদের সদস্য পদে এএনপি’র প্রার্থী আমানুল্লাহ মেহসুদকে লক্ষ্ করে হামলা চালানো হয়েছে, তবে তিনি অক্ষত রয়েছেন।
উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মর্দান শহরে ভোট কেন্দ্রের কাছে অপর একটি বোমা হামলায় ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এছাড়া পেশোয়ারের চারসাদ্দা সড়কের পাশের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে অপর একটি বোমা বিস্ফোরণে ১২ জন আহত হয়েছেন।
নির্বাচনের দিন তালেবান অনেকগুলো জায়গায় হামলার পরিকল্পনা করেছে বলে শুক্রবার সন্ধ্যায় তালেবান মুখপাত্র এহাসুনুল্লাহ এহসান জানিয়েছেন। প্রচলিত শাসন ব্যবস্থার বিরোধিতা করতে তালেবান এসব হামলা চালাবে বলে জানান তিনি।
হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য ভোট কেন্দ্রগুলো থেকে দূরে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
সারাদেশে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তার জন্য ৬ লাখেরও বেশি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ৭০ হাজারের বেশি ভোটকেন্দ্র তালেবান হামলার ঝুঁকির মধ্যে রয়েছে বলে চিহ্নিত করা হয়েছে। এসব ভোটকেন্দ্রের অধিকাংশই বেলুচিস্তান ও উত্তরপশ্চিমের বিদ্রোহ কবলিত এলাকাগুলোতে অবস্থিত।
