তালেবান হুমকির মধ্যেই পাকিস্তানে নির্বাচন চলছে
তালেবান গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই পাকিস্তানের ঐতিহাসিক জাতীয় নির্বাচন চলছে। শনিবার এ নির্বাচনের মাধ্যমে দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের ৬৬ বছরের ইতিহাসে সিংহ ভাগ সময় রাষ্ট্রীয় ক্ষমতা সামরিক বাহিনীর দখলে ছিল, এ কারণে এর আগে কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হয়নি।
শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তালেবানের হামলার হুমকি সত্ত্বেও ভোট গ্রহণ শুরু হওয়ার আগে থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
ভোট কেন্দ্রগুলো এড়িয়ে চলতে শুক্রবার ভোটারদের সতর্ক করেছিল তালেবান।
শুক্রবার শেষ পর্যায়ের জনমত জরিপে সাবেক ক্রিকেট তারকা ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের জনসমর্থন আরেক ধাপ বেড়েছে। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের নির্বাচনী জনসমাবেশে ইমরানের অনুপস্থিতেও জড়ো হয় প্রায় ৩৫ হাজার সমর্থক।
তবে নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্ত্বাধীন মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। জনসমর্থন জরিপে পিএমএল-এন সামান্য ব্যবধানে শীর্ষে রয়েছে।
এরপরই আছে ইমরানের পিটিআই, আর তৃতীয় অবস্থানে আছে বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
তবে এ তিনটি দলের কোনটিই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে জরিপে স্পষ্ট হয়েছে। কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় ইমরানের দল সামনে চলে আসতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
নির্বাচন পরবর্তী পাকিস্তানে জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার জোর সম্ভাবনা আছে। এ নিয়ে কয়েক সপ্তাহ দর কষাকষি চলতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
একক সংখ্যাগরিষ্ঠতার জন্য পাকিস্তান জাতীয় পরিষদের ২৭২টি আসনের মধ্যে কোনো দলকে ১৩৭টি আসন পেতে হবে। তবে ৭০টি আসন নারী ও অমুসলিম সংখ্যালঘুদের জন্য বরাদ্দ থাকায় মোট ৩৪২ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলকে ১৭২টি আসন পেতে হবে।
