তিন নারীর সাহসিকতার প্রশংসায় ক্লিভল্যান্ড
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য থেকে নিখোঁজ হওয়ার এক দশক পর উদ্ধার পাওয়া তিন নারীর সাহসিকতার প্রশংসা করেছেন ক্লিভল্যান্ডের কর্মকর্তারা।
সোমবার জরুরি সেবা নাম্বার ৯১১ এ সাহায্যের জন্য তাদের একজনের ফোন পাওয়ার পর ওহাইও’র ক্লিভল্যান্ডের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। ওই বাড়ি থেকে স্কুল বাসের এক চালক ও তার দুই ভাইকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, তিনজনের মধ্যে আমান্ডা বেরি পুলিশকে ফোন করে তাদেরকে উদ্ধার করার অনুরোধ জানান।
ক্লিভল্যান্ডের পুলিশ প্রধান মিশেল ম্যাকগ্রাথ এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমান্ডার এ সাহসিকতার জন্যই তিনজনকে আজ জীবীত উদ্ধার করা সম্ভব হয়েছে।
আমান্ডা বেরি ২০০৩ সালে ১৬ বছর বয়সে নিখোঁজ হন। গিনা ডিজেসাস নিখোঁজ হন একবছর পর ১৪ বছর বয়সে এবং মিশেল নাইট ২০০২ সালে ১৯ বছর বয়সে অপহৃত হন।
সোমবার সন্ধ্যায় অপহরণকারী বাইরে গেলে বেরি পালিয়ে গিয়ে পুলিশে খবর দেন।এরপর দ্রুত পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে। এসময় একটি ছয় বছরের শিশুকেও উদ্ধার করা হয়। শিশুটি বেরির মেয়ে বলে ধারণা করছে পুলিশ।
তিন নারী স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় বলেই ধারণা করা হয় এবং তারা নিখোঁজ হওয়ার পর ক্লিভল্যান্ডের অনেকেরই ধারণা ছিল তারা মারা গেছে।
