পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্র সরাল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া সম্ভাব্য হামলার জন্য পূর্ব উপকূলে মোতায়েন দুটি মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল থেকে সরিয়ে নিয়েছে।একে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা কমে আসারই ইঙ্গিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে হামলার হুমকি দেয়ার পর উত্তর কোরিয়া গত মাসে দুটি মুসুদান ক্ষেপণাস্ত্র পূর্ব্ উপকূলে নেয়ার পর এটি উৎক্ষেপণ করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছিল।এখন তা সরিয়ে নেয়ায় তাতক্ষণিক হুমকি কেটে গেল।
তবে এ খবরে এখনই আনন্দ করার কিছু নেই উল্লেখ করে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, ক্ষেপণাস্ত্র দুটো সরিয়ে নেয়া মানেই যে সেগুলো আর কোথাও মোতায়েন করা হবে না বা উৎক্ষেপণ করা হবে না এমন নিশ্চয়তা নেই।
তবে তৃতীয় আরেকজন কর্মকর্তা এমন আশঙ্কা নাকচ করে বলেছেন, ক্ষেপণাস্ত্রগুলো ভিন্ন আরেকটি উৎক্ষেপণস্থলে নেয়া হয়েছে বলে তিনি মনে করেন না। বরং সেগুলোকে ব্যবহার না করে সরিয়ে রাখা হয়েছে বলেই তিনি মনে করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “মুসুদান ক্ষেপণাস্ত্র যে কোনো সময় উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।কিন্তু এখন সেগুলো সরিয়ে ফেলা হয়েছে।”
ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাক্ষাতের প্রস্তুতির সময়টিতে দুই ক্ষেপণাস্ত্র সরিয়ে নিল উত্তর কোরিয়া। মঙ্গলবারই দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের কথা রয়েছে।
