লাদাখ সীমান্তে চীন-ভারত অচলাবস্থার অবসান
লাদাখ সীমান্তের মুখোমুখি অবস্থান থেকে সরে গেছে ভারতীয় ও চীনা বাহিনী।রোববার উভয় বাহিনীই ওই এলাকায় মাত্র কয়েক মিটার দূরে অবস্থানরত নিজ নিজ শিবির প্রত্যাহার করে নিয়েছে।
ফলে বিতর্কিত সীমান্তে তিন সপ্তাহ ধরে চলা উত্তেজনার আপাত অবসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চীন-ভারতের সেনা কমান্ডারদের মধ্যে কয়েক দফা বৈঠকে সমঝোতার পর অচলাবস্থার অবসান ঘটে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর নর্দান কমান্ডের এক কর্মকর্তা।
বৈঠক শেষে দু’পক্ষই মুখোমুখি অবস্থান থেকে নিজ নিজ বাহিনীকে তিনশ’ মিটার দূরে সরে যাওয়া এবং এলাকার তাঁবুগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দেয়।
ভারতীয় ওই সেনা কর্মকর্তা বলেন, “১৬ এপ্রিল থেকে আমাদের সেনারা যেখানে অবস্থান নিয়েছিল তা থেকে এক কিলোমিটার পিছিয়ে গেছে।”
“চীনের সেনারাও তাদের ১৫ এপ্রিলের অবস্থান থেকে সরে গেছে। তবে তারা কতটুকু সরে গেছে তা এখনো পরিষ্কার নয়,” বলেন তিনি।
সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির কারণে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মঙ্গলবারের বেইজিং সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
তবে সেনা প্রত্যাহারের পর চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সীমান্ত থেকে কতদূর সরে গেছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে না। অপরদিকে দিল্লি বলছে, তাদের সেনারা চীনা সীমান্ত (ভারত বিবেচিত) থেকে ১৯ কিলোমিটার ভিতরে সরে এসেছে।
এর আগে, ভারতের অভ্যন্তরে চীনের সেনারা ঢুকেছে বলে নয়াদিল্লি অভিযোগ করেছিল। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে লাদাখের পশ্চিমাঞ্চলে চীনা সেনারা ঢুকেছে বলে দেশটির পার্লামেন্টে পেশ করা এক প্রতিবেদনে দাবি করা হয়।
কিন্তু সীমান্ত লঙ্ঘনের ভারতীয় দাবি বেইজিং সরাসরি অস্বীকার করে জানায়, তাদের সেনারা চীন সীমান্তের ভেতরে থেকেই টহল দিয়েছে, তারা কখনোই সীমানা লঙ্ঘন করেনি।
চীন ও ভারতের মধ্যে সুদীর্ঘ অভিন্ন সীমান্ত রয়েছে। তবে লাদাখ ও হিমাচল এলাকা নিয়েই ১৯৬২ সালে দু’দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল।
