তাঞ্জানিয়ায় চার্চে বিস্ফোরণ, নিহত ১
তাঞ্জানিয়ার আরুশা শহরের একটি চার্চে বিস্ফোরণে অন্ততপক্ষে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। বিস্ফোরণের সময় চার্চটি প্রার্থনাকারীতে পূর্ণ ছিল বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববারের ওই ঘটনা একটি বোমা বিস্ফোরণ বলে তারা ধারণা করছেন এবং এরসঙ্গে জড়িত এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নতুন রোমান ক্যাথলিক চার্চের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই বিস্ফোরণের ঘটনা ঘটানো হল।
অনুষ্ঠানে তাঞ্জানিয়ায় নিযুক্ত ভ্যাটিক্যানের দূত এবং আরুশার আর্চবিশপ উপস্থিত ছিলেন। তবে তারা দুজনই অক্ষত আছেন।
ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই হামলাটি চালানো হয়।
বিস্ফোরণে এক নারী নিহত হওয়ার খবর পুলিশ জানালেও স্থানীয় যাজক ফাদার পেড্ডি বলেছেন, হাসপাতালে নেওয়ার পথে তিন ব্যক্তি মারা গেছেন।
পেড্ডি বলেন, ‘এ ধরনের কোনোকিছু এখানে ঘটবে আমি কখনোই তা আশঙ্কা করিনি। কারণ এটি শহর নয়, গ্রাম।’
তাঞ্জানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বারনার্ড মেমবে তার টুইটারবার্তায় লিখেছেন, এ ঘটনায় তিনি ‘ভীষণ মর্মাহত’।
সাম্প্রতিক সময়ে তাঞ্জানিয়ায় খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতার উত্থান ঘটেছে।
গতমাসে পশু জবাইকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে তাঞ্জানিয়ার দক্ষিণাঞ্চলে প্রায় ২ শ’ খ্রিস্টান দাঙ্গাকারী একটি মসজিদ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদুনে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফেব্রুয়ারিতে তাঞ্জানিয়ার মুসলিম অধ্যুষিত জানজিবারে এক ক্যাথলিক যাজক মাথায় গুলিবিদ্ধ হন।
