২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে পাকিস্তানের সমর্থন পুনর্বিবেচনা করা উচিত’

ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে পাকিস্তানের সমর্থন পুনর্বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিরোধীদলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ। তিনি তালেবানদের সঙ্গে আলোচনা করার পক্ষে বলে জানিয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 05 May 2013, 08:21 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

২০০১ এর ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর থেকে বিশ্বব্যাপী ইসলামী জঙ্গি তৎপরতার বিরুদ্ধে লড়াইয়ে নামে যুক্তরাষ্ট্র। এ লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিয়ে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত কোটি ডলার অর্থ সহায়তা লাভ করে।

কিন্তু পরবর্তীতে অনেক পাকিস্তানিই এ সিদ্ধান্তের বিরোধীতা করতে থাকে। তাদের বক্তব্য, “যুক্তরাষ্ট্রের লড়াইয়ে” হাজার হাজার পাকিস্তানি সেনার মৃত্যু হচ্ছে।

আগামী শনিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন। ওই নির্বাচনে রক্ষণশীল ধর্মীয় দলের নেতা নেওয়াজ শরিফ জয়লাভ করবেন বলে আশা করছেন। বিজয়ী হলে তিনি তৃতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী মনোনীত হবেন।

তিনি বলেছেন, তালেবানদের বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট অভিযান দিয়ে বিদ্রোহ দমন করা একমাত্র উপায় বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, “আমি মনে করি, বন্দুক ও গুলিই এ ধরনের সমস্যার একমাত্র সমাধান নয়। কোনটা কার্যকরী তা জানার জন্য পাশাপাশি অন্যান্য বিকল্পও প্রয়োগ করে দেখা উচিত বলে আমি মনে করি, আর ওই বিকল্পগুলো আমরা প্রয়োগ করতে যাচ্ছি বলেই আমার ধারণা।”

সেনাবাহিনীর অভিযানে তালেবানের শক্তি লক্ষণীয়ভাবে দুর্বল হয়েছে, কিন্তু তালেবানের ভিত্তি উচ্ছেদ করতে পারেনি পাকিস্তান সেনাবাহিনী।

জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লড়াইয়ে পূর্ববর্তী সরকারগুলোর সমর্থন দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখতে চান পাকিস্তান মুসলিম লীগ নেতা নেওয়াজ শরিফ।