প্রশান্ত মহাসাগরে পেরুর বেলুন বিধ্বস্ত, নিখোঁজ ২
পেরুর যাত্রীবাহী একটি বেলুন প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়ে ২ জন নিখোঁজ হয়েছেন।
বেলুনটির বাস্কেটে থাকা ৫ নারীকে উদ্ধার করা হলেও এর পাইলট ও অপর এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক খবরে জানানো হয়েছে।
পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী উইলফ্রেডো পেডরাজা বেলুনটির স্বত্ত্বাধিকারী গ্লোবোস পেরুর এসএসি’র সমালোচনা করে বলেন, বেলুনের কোনো আরোহীই লাইফ জ্যাকেট পরিধান করেনি।
পেরুর নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা নিখোঁজদের খোঁজে তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে।
স্বেচ্ছাসেবীরাও নিজেদের নৌযান নিয়ে উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, সম্ভবত উভয় ব্যক্তিই সাঁতড়ে তীরে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু নারীরা বেলুনের বাস্কেটেই অবস্থান করছিল।
উদ্ধার হওয়া ওই নারীদের এখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৫ নারীর উদ্ধার হওয়ার ঘটনায় আনন্দপ্রকাশ করে পেডরাজা বলেন, “আনন্দ আছে কিন্তু এখনো উদ্বেগও রয়ে গেছে। কেননা আমাদের বাকি দুই তরুণ মানুষকেই খুঁজে পাওয়া দরকার।”
