আফগানিস্তানে নেটো বিমান বিধ্বস্ত, নিহত ৪
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশে শনিবার নেটোর একটি বিমান বিধ্বস্ত হয়ে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিস্টান্ট ফোর্স (আইএসএএফ) এর চার সেনা নিহত হয়েছে।
এক বিবৃতিতে আইএসএএফ এ খবর জানিয়েছে ।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় জাবুলের ওই অংশে বিদ্রোহীদের কোনো তৎপরতা ছিল না বলে দাবি করেছে আইএসএএফ।
প্রাদেশিক পুলিশ প্রধান রজ লেওয়ানি জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারনে শাহজই জেলায় বিমানটি বিধ্বস্ত হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে গজনি ও কান্দাহার প্রদেশের মধ্যবর্তী জাবুলে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।
এ সবের মধ্যে চলতি এপ্রিল মাসের প্রথমদিকে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় যুক্তরাষ্ট্রের এক তরুণ কূটনৈতিকসহ কয়েকজন সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়।
এছাড়া একই মাসে আরো কয়েকটি হামলায় বহু আফগান নাগরিক হতাহত হয়।
