২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে হামলা পরিকল্পনা করেছিল বস্টন হামলাকারীরা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে ‍হামলার পরিকল্পনা করেছিল বস্টন ম্যারাথনে জোড়া বোমা হামলাকারীরা।একথাই জানিয়েছেন নিউ ইয়র্কের কর্মকর্তারা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Apr 2013, 01:35 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

হামলায় জড়িত সন্দেহে আটক জোখার সারনায়েভ (১৯) তদন্ত কর্মকর্তাদের এমন তথ্য দিয়েছেন বলে জানান পুলিশ কমিশনার রে কেলি।বস্টনে হাসপাতালের বিছানায় শুয়ে জোখার একথা বলেছেন বলে জানান তিনি।

গুলিতে আহত জোখার ধীরে ধীরে সেরে উঠছেন এবং শুক্রবার তাকে হাসপাতাল থেকে ম্যাসাচুসেটস এর ফোর্ট ডেভেনসের একটি কারাগারে নেয়া হয়েছে।

গত সপ্তাহে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন হামলার প্রধান সন্দেহভাজন জোখারের বড় ভাই তামেরলান সারনায়েভ।আর পুলিশের গুলিতে আহত অবস্থায় ধরা পড়েন জোখার।

নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কেলি বলেন, জোখারকে জিজ্ঞাসাবদ করে তারা জেনেছেন যে, তার ভাই স্বপ্রণোদিতভাবেই টাইমস স্কয়ারকে হামলার লক্ষ্য স্থির করেছিল এবং ম্যারাথনে হামলার দিবাগত রাতেই সেখানে যাওয়ার কথা ছিল।

ড্রাইভারসহ একটি গাড়ি ছিনতাই করার পর দুই ভাইয়ের নিউইয়র্কে যাওয়ার কথা ছিল বলে জানান কেলি।কিন্তু তাদের পরিকল্পনা সফল হয়নি।

কারণ, হাইজ্যাক করা গাড়িতে গ্যাস কম থাকায় একটি নিকটবর্তী গ্যাস স্টেশনে চালককে গাড়িটি থামাতে বলেন সন্দেহভাজন হামলাকারীরা।এ সুযোগে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেয় ওই গাড়িচালক। এরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটিকে ধাওয়া করে এবং এক পর্যায়ে পুলিশের গুলিবিদ্ধ হয় দুই ভাই।

এর আগে ২০১০ সালের মে মাসে টাইমস স্কয়ারে ধরা পড়ে আরেকটি বোমা হামলা পরিকল্পনা।সেবার গ্রেপ্তার হয়েছিল পাকিস্তানি বংশোদ্ভূত এক মার্কিনি।হামলা প্রচেষ্টার অভিযোগে তার যাবজ্জীবন কারাদন্ড হয়েছে।