২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের আলামত স্পষ্ট হচ্ছে: যুক্তরাজ্য

সিরিয়ায় সরকারি সেনাদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে ‘সীমিত হলেও স্পষ্ট’ আলামত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 10:21 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

“বিষয়টি অত্যন্ত মারাত্মক এবং এটি একটি যুদ্ধাপরাধ”, বিবিসি কে বলেন ক্যামেরন।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানায় তাদের গোয়েন্দা সংস্থাদের বিশ্বাস সিরিয়া রাসায়নিক সারিন গ্যাস ব্যবহার করেছে।স্বল্প মাত্রায় এ গ্যাস ব্যবহার করা হয়েছে। কিন্তু কোথায় এবং কখন সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি যুক্তরাষ্ট্র।

রাসায়নিক অস্ত্রের ব্যবহার সিরিয়ায় হস্তক্ষেপ করার সীমারেখা বা ‘রেড লাইন’ হিসাবে গণ্য করার যে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র দিয়েছে তোর সঙ্গে ক্যামেরনও একমত প্রকাশ করেছেন। তবে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র সম্পর্কিত গোয়েন্দা তথ্যগুলোকে এখনই প্রমাণিত সত্য বলে ধরে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। গোয়েন্দারা বিষয়টি নিয়ে বিচার-বিশ্লেষণ করে সারিন গ্যাস ব্যবহারের কথা বলেছে; কিন্তু এ ব্যাপারে সংশয় রয়ে গেছে বলে বৃহস্পতিবার জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল। গোয়েন্দারা রাসায়নিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে কিছুটা নিশ্চিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। হ্যাগেলের এ বক্তব্যের পরপরই যুক্তরাজ্যও একই বক্তব্য জানাল।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, তারা সীমিত আকারে হলেও বিভিন্ন সূত্র থেকে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছে। বিবিসি জানায়, ব্রিটেন সিরিয়ার ভেতর থেকে নমুনা সংগ্রহ করে উইলশায়ারের পোর্টন ডাউনে প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাগারে তা পরীক্ষা করেছে। সিরিয়া থেকে সংগ্রহীত এ নমুনা পরীক্ষায় সারিন গ্যাস ব্যবহারের ইতিবাচক লক্ষণ দেখা গেছে বলেই জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।