‘কানাডার ট্রেন হামলার পরিকল্পনাকারী ইরান ভ্রমণ করেছে’
কানাডার ট্রেনে হামলার পরিকল্পনাকারী হিসেবে আটক দুজনের মধ্যে একজন গত দুই বছরের মধ্যে কোনো এক সময় ইরান ভ্রমণ করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা এই দাবি করেন।
তিউনিসিয়ায় জন্মগ্রহণকারী পিএইচডি গবেষক চিহেব এসেগহাইয়ের ইরান ভ্রমণ তদন্তাধীন হামলা পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তারা।
তবে এসেগহাইয়ের ঠিক কবে, কখন ইরান গিয়েছিলেন, একাধিকবার গিয়েছিলেন কিনা এবং সেখানে কার সঙ্গে সাক্ষাৎ করেছেন এ বিষয়ে কিছু জানাতে রাজি হননি তারা।
চলতি সপ্তাহে এসেগহাইয়ের ও তার কথিত সহযোগী রায়েদ জেসারের গ্রেপ্তারের ঘোষণা দেওয়ার সময় কানাডার পুলিশ বলেছিল, এরা “ইরানি আল কায়েদার নিদের্শনা ও তত্ত্বাবধানে” কাজ করছিল।
তদন্তের সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত সংলগ্ন ইরানের জেহেদান শহরে আল কায়েদার একটি নিম্ন থেকে মাঝারি ধরনের নেটওয়ার্কের সঙ্গে গ্রেপ্তারকৃতদের যোগাযোগ ছিল।
দক্ষিণ এশিয়ায় আল কায়েদার তৎপরতাকে সহয়তা দিতে এই নেটওয়ার্কটি ইরান হয়ে টাকা ও যোদ্ধা সরবরাহ করে।
এই ঘটনার সঙ্গে ইরানি সরকারের জড়িত থাকার কোনো ইঙ্গিত মেলেনি বলে জানিয়েছে কানাডা পুলিশ।
তবে এসেগহাইয়ের ও জেসারের সঙ্গে আল কায়েদার কি ধরনের সম্পর্ক ছিল তা নির্দিষ্ট করে জানায়নি কানাডা বা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
সোমবার আলাদা দুটি অভিযানে তাদের কানাডার টরেন্টো ও মন্ট্রিল থেকে গ্রেপ্তার করা হয়।
মুসলিম সম্প্রদায় থেকে পাওয়া একটি ইঙ্গিতের সূত্র ধরে গত বছরের মাঝামাঝি থেকে কানাডা ও যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল।
কানাডীয় পুলিশ কর্মকর্তারা জেসারকে উত্তর টরেন্টোর আবাসিক এলাকায় তার বাড়ি থেকে এবং এসেগহাইয়েরকে মন্ট্রিলের প্রধান রেল স্টেশনের ম্যাগডোনাল্ড রেস্তোরা থেকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা টরেন্টো এলাকার একটি যাত্রীবাহী ট্রেন লাইচ্যুত করার ষড়যন্ত্র করছিলেন বলে পুলিশের অভিযোগ। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, তারা কানাডার টরেন্টো ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মধ্যে চলাচলকারী কোনো একটি যাত্রীবাহী ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।
