বেনজির হত্যা মামলায় গ্রেপ্তার মুশাররফ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি(এফআইএ)বৃহস্পতিবার সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ‘দ্য ডন’।
ইতোমধ্যেই ক্ষমতায় থাকাকালে প্রধান বিচারপতিসহ বহু বিচারপতিকে আটক করার অভিযোগে দায়ের হওয়া মামলায় মুশাররফকে সম্প্রতি চাক শাহজাদ এলাকার খামার বাড়িতে গৃহবন্দি করে রাখা হয়েছে।
তিনি এখন সেখানেই অবস্থান করবেন।তবে শুক্রবারে তাকে রাওয়ালপিন্ডির সন্ত্রাস-বিরোধী আদালতে নেয়া হবে।সন্ত্রাস-বিরোধী আদালত মুশাররফকে জিজ্ঞাসাবাদ করারও অনুমতি দিয়েছে।
এ লক্ষ্যে একটি যৌথ তদন্তদলকে মুশাররফের জবানবন্দি রেকর্ড করার আদেশ দিয়েছে আদালত। এরপরই তার রিমান্ডের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।
পাকিস্তানে ১১ মে’র সাধারণ নির্বাচনে অংশ নিতে চার বছরের সেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে সদ্য দেশে ফেরা মুশাররফের বিরুদ্ধে বিচারকদের আটক, বেনজির হত্যা মামলা থেকে শুরু করে নানা মামলা এমনকি দেশদ্রোহের মামলাও রয়েছে।
২০০৭ সালের ২৭ ডিসেম্বরে রাওয়ালপিন্ডির লিয়াকত বাগ এ নির্বাচনী প্রচারাভিযানকালে বোমা হামলা ও গুলিতে নিহত হন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। এ ঘটনায় মুশাররফের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেনজিরকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিলেন।
