২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় ট্রেন হামলা পরিকল্পনা: অভিযোগ অস্বীকার

কানাডার ট্রেনে হামলা চালাতে আল কায়েদায় পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত টরেন্টোর রায়েদ জেসার (৩৫) ও মন্ট্রিয়েলের চিহেব এসেগহাইয়েরকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 24 Apr 2013, 09:01 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

তাদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজসে “সন্ত্রাসী গোষ্ঠীর নির্দেশনা অনুযায়ী লোকজনকে হত্যা চেষ্টার” অভিযোগ আনা হয়েছে।

সোমবার আলাদা দুটি অভিযানে তাদের কানাডার টরেন্টো ও মন্ট্রিল থেকে গ্রেপ্তার করা হয়।

মুসলিম সম্প্রদায় থেকে পাওয়া একটি ইঙ্গিতের সূত্র ধরে গত বছরের মাঝামাঝি থেকে কানাডা ও যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল।

জেসারকে উত্তর টরেন্টোর আবাসিক এলাকায় তার বাড়ি থেকেই আটক করে কানাডীয় পুলিশ কর্মকর্তারা, আর এসেগহাইয়েরকে আটক করে মন্ট্রিলের প্রধান রেল স্টেশনের ম্যাগডোনাল্ড রেস্তোরা থেকে।

গ্রেপ্তারকৃতরা টরেন্টো এলাকার একটি যাত্রীবাহী ট্রেন লাইচ্যুত করার ষড়যন্ত্র করছিলেন বলে পুলিশের অভিযোগ। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, তারা কানাডার টরেন্টো ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মধ্যে চলাচলকারী কোনো একটি যাত্রীবাহী ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল।

মঙ্গলবার জেসারকে আদালতে হাজির করার পর এক সংক্ষিপ্ত শুনানি শেষে পুলিশ হেফাজতে দেওয়া হয়। জেসার আইনজীবীর অনুরোধে শুনানির সময় আদালতে গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

শুনানি শেষে তার আইনজীবী জন নোরিস জানান, “জেসার সব অভিযোগ অস্বীকার করেছেন এবং তীব্রতার সঙ্গে সব অভিযোগের জবাব দিয়েছেন।”

জেসারের জাতীয়তা প্রকাশ না করে নোরিস জানান, অভিযুক্ত গত ২০ বছর ধরে কানাডায় বসবাস করছেন।

অপরদিকে, তিউনিসিয়ায় জন্মগ্রহণকারী পিএইচডি গবেষক এসেগহাইয়েরকে সোমবার টরেন্টো নিয়ে যাওয়া হয়। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতার কারণে তাকে দ্রুত আবার মন্ট্রিলে ফিরিয়ে আনা হয়।

শুনানিকালে কুইবেকের একটি আদালতে আত্মপক্ষ সমর্থন করে এসেগহাইয়ের বলেন, “যে সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে সেগুলো শুধু ধারণা।”