বিন লাদেনের সাবেক সহকারীর যাবজ্জীবন কারাদণ্ড
আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সাবেক ব্যক্তিগত সহকারী ওয়াহিদ আল হাজিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ১৯৯৮ সালে আফ্রিকায় দুটি মার্কিন দূতাবাসে হামলাসহ যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে দ্বিতীয়বারের মতো তাকে এই দণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রিক আদালতে এ রায় ঘোষণা করা হয়।
আল হাজি (৫২) লেবাননে জন্মগ্রহণকারী যুক্তরাষ্ট্রের নাগরিক। কেনিয়া ও তাঞ্জানিয়ায় যুক্তরাষ্ট্রের দূতবাসে বোমা হামলা চালিয়ে ২শ’ ২৪ জনকে হত্যার দায়ে ২০০১ সালে আরো একবার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন আল হাজি। একই আদালত তার তিন সহযোগীকেও দণ্ডিত করেছিল।
সে সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদের হত্যার ষড়যন্ত্র ও যুক্তরাষ্ট্র সরকারের মালিকানাধীন ভবন ধ্বংসের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তিনি। পাশাপাশি আদালতে একাধিক মিথ্যা সাক্ষ্য দেওয়ার দায়েও অভিযুক্ত হয়েছিলেন।
নিউইয়র্ক ও ওয়াশিংটনে ১১ সেপ্টেম্বর হামলার একমাস পর তার বিরুদ্ধে ওই রায় দেওয়া হয়েছিল। কিন্তু ২০০৮ সালে আপিল আদালত আল হাজির বিরুদ্ধে দেওয়া রায়ে যথাযথ বিধি অনুসরণ করা হয়নি বলে পুনর্বিচারের জন্য মামলাটি আবার ডিস্ট্রিক আদালতে পাঠিয়ে দেয়।
এবার আপিল আদালতের নির্দেশিত ধারায় বিচার করার পরও একই দণ্ডে দণ্ডিত হলেন তিনি।
হাজির আইনজীবী আদালতের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করলেও বিচারক তা প্রত্যাখ্যান করেন। বিচারক হাজিকে একজন “দৃঢ়প্রতিজ্ঞ সন্ত্রাসী” হিসেবে অভিহিত করে মুক্তি দেওয়া হলে সে আবারও তার সন্ত্রাসী তৎপরতা শুরু করবে বলে মন্তব্য করেন।
আল হাজি আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ব্যক্তিগত সহকারী ছিলেন। লাদেন, কেনিয়ার নাইরোবি ও তাঞ্জানিয়ার দার এস সালামের যুক্তরাষ্ট্র দূতবাসে বোমা হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন, মামলায় এমন ইঙ্গিত করা হয়।
ওই দূতাবাসগুলোতে হামলার সময় হাজি যুক্তরাষ্ট্রের টেক্সাসে তার পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে বোমা হামলায় সরাসরি যুক্ত থাকার অভিযোগ আনা হয়নি।
আদালত হাজির বিরুদ্ধে ৩ কোটি ৩৮ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে।
