২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে: ইসরায়েল

সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের ওপর কয়েকবার রাসায়নিক অস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 06:13 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

ইসরায়েলের সামরিক বাহিনীর শীর্ষ গোয়েন্দা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল আইতাই ব্রান জেরুজালেমে এক নিরাপত্তা সম্মেলনে বলেন, সামরিক গোয়েন্দাদের ধারণা, কয়েকটি হামলার ঘটনায় নার্ভ এজেন্ট বা নার্ভ গ্যাস ব্যবহার করেছে সিরিয়া বাহিনী।

“পেশাগত দক্ষতা থেকে আমরা যতটুকু বুঝি তাতে এটা বলা যায় যে, সিরিয়া সরকার অতীতে বহু হামলায় প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে,” বলেন ব্রান।

এ অস্ত্র হামলার শিকার হওয়াদের যে সমস্ত ছবি পাওয়া গেছে তাতে তাদের দেহে এমন বিভিন্ন লক্ষণ ফুটে উঠেছে যেগুলো রাসায়নিক অস্ত্র হামলার শিকার হলেই দেখা দিতে পারে বলে দাবি করেন তিনি।
সিরিয়া রাসায়নিক অস্ত্র হামলা চালালে যুক্তরাষ্ট্র তা সহ্য করবে না বলে ইতোপূর্বেই সতর্ক করেছে।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ব্রানের দাবির সত্যাসত্য এখনো নিশ্চিত করতে পারেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
সিরিয়ায় অস্ত্র হামলা নিয়ে সরকার এবং বিদ্রোহীপক্ষ একে অপরকে দোষারোপ করে আসছে।বিষয়টি তদন্ত করে দেখতে সিরিয়ায় প্রবেশের চেষ্টায় আছে জাতিসংঘ তদন্তদল।