মুশাররফের বাড়ির কাছ থেকে বিস্ফোরক উদ্ধার
পাকিস্তানে গৃহবন্দী সাবেক সেনাশাসক পারভেজ মুশাররফের বাসভবনের কাছে একটি গাড়িতে লুকানো ৪৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে পুলিশ।টেলিভিশন চ্যানেলগুলো এ খবর দিয়েছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসলামাবাদের চাক শাহজাদে মুশাররফের খামারবাড়ির কাছে একটি গাড়ি পরীক্ষা করছে বোমা নিস্ক্রিয়করণ স্কোয়াড।ওই বাড়িতেই গত সপ্তাহ থেকে গৃহবন্দী রাখা হয়েছে মুশাররফকে।
সন্দেহভাজনদের কেউ বিস্ফোরক পেতে রাখতে পারে কিনা সে ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।
পাকিস্তানে ১১ ম ’র সাধারণ নির্বাচনে যোগ দিতে চার বছরের স্বেচ্ছা নির্বাসনের অবসান ঘটিয়ে সদ্য দেশে ফেরা মুশাররফকে আগেই হত্যার হুমকি দিয়েছিল তালেবানরা।
ওদিকে, নির্বাচনের জন্য মুশাররফ দেশে ফিরলেও নির্বাচনী কর্মকতারা তাকে ভোটে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করেছেন এবং ২০০৭ সালে ক্ষমতায় থাকাকালে বেআইনিভাবে বিচারকদেরকে আটকের নির্দেশ দেয়ার অভিযোগের ভিত্তিতে তাকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছে আদালত।
