বস্টন হামলা: প্রশ্নের মুখে এফবিআই
বস্টনে ম্যারাথন দৌড়ে বোমা বিস্ফোরণের ঘটনা রোধে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা যথেষ্ট তৎপর ছিলেন কিনা বা ওই ঘটনায় জড়িত সন্দেহে নিহত তামেরলান সারনায়েভের বিরুদ্ধে আগে থেকে পর্যাপ্ত ব্যবস্থা নিতে উদাসীন ছিলেন কিনা তা নিয়ে কংগ্রেসে প্রশ্নের মুখে পড়েছেন।
কংগ্রেসের সিনেট গোয়েন্দা কমিটির রুদ্ধদ্বার শুনানিতে এ ব্যাপারে জবাবদিহি করতে হচ্ছে নিরাপত্তা কর্মকর্তাদেরকে।হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়টি নিয়ে প্রতিনিধি পরিষদে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের ব্রিফিং দেয়ার কথা রয়েছে মঙ্গলবারেই।
বিস্ফোরণের ঘটনা মোকাবেলায় ব্যর্থতার জন্য মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন(এফবিআই)ইতোমধ্যেই সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যদের প্রশ্নবিদ্ধ হয়েছে। হামলার প্রধান সন্দেহভাজন তামেরলান সারনায়েভের বিরুদ্ধে এফবিআই যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কিনা এ প্রশ্ন তুলেছেন তারা। এফবিআই তামেরলানকে আরো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেনি বলে অভিযোগ করছেন আইনপ্রণেতারা।
তামেরলানকে ২০১১ সালে ইসলামী মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জেরা করে এফবিআই। তাকে কয়েকদিন আটকে রেখে ছেড়ে দেয়া হয়।
কিন্তু রাশিয়ার অনুরোধে ২০১১ সালে তামেরলানকে জেরা করার পর তার বিরুদ্ধে আরো কোনো ব্যবস্থা কেন নেয়া হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সদস্যরা।এফবিআই তার ব্যাপারে যথেষ্ট সক্রিয় ছিল না বলেই তাদের অভিযোগ।
সম্প্রতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তামেরলান। বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার ভাই জোখারকে সংকটাপন্ন অবস্থায় আটক করা হয়। জোখারের বিরুদ্ধে বোমা হামলার অভিযোগে মামলা করা হয়েছে।
সরকারি আইনজীবীরা তার বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগ এনেছেন।
সিএনএন ও নিউ ইয়র্ক টাইমস এর এর খবরে বলা হয়েছে, রোববার জিজ্ঞাসাবাদকালে জোখার তদন্তকারীদেরকে বলেছেন যে, তিনি ও তার ভাই দুজনই হামলা চালিয়েছেন।এ ঘটনায় অন্য আর কেউ জড়িত নয়।বোমা হামলার পেছনে মূল কাজটি করেছিলেন তার বড় ভাই।
তবে এ খবর নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
