২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সুন্নি বিক্ষোভ-সংঘর্ষে নিহত ২৩

ইরাকের উত্তরাঞ্চলে সরকার বিরোধী বিক্ষোভে সুন্নি আরব বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রনালয়।

রয়টার্স

.

রয়টার্স

Published : 23 Apr 2013, 10:08 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

কিরকুকের কাছে হাওয়িজায় সরকার বিরোধী বিক্ষোভ শিবিরে নিরাপত্তা বাহিনী মঙ্গলবার তল্লাশি চালালে সহিংসতা শুরু হয়। সংঘর্ষে ২০ বন্দুকধারী এবং তিন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয় বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।তবে তিনটি সামরিক সূত্রে নিহতের সংখ্যা ২৬ উল্লেখ করে বলা হয়েছে, এদের ২০ জন বিক্ষোভকারী এবং ৬ জন সেনা সদস্য। গত বছরের শেষ দিক থেকে প্রতি সপ্তাহেই ইরাক জুড়ে শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়ে আসছে। সম্প্রতি ইরাকে প্রাদেশিক নির্বাচনের ফল প্রকাশের আগে দিয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটল। ইরাকের প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সেনারা বিক্ষোভ শিবির থেকে বন্দুকধারীদের হামলার শিকার হয়ে পাল্টা ব্যবস্থা নিয়েছে। কিন্তু বিক্ষোভকারীরা বলছে, তারা নিরস্ত্র হয়ে অবস্থান ধর্মঘট করার সময় সেনারা তাদের ওপর গুলি চালায়। সংঘর্ষে নিহতের সংখ্যা নিয়ে বিক্ষোভকারী এবং স্থানীয় কর্মকর্তাদের কাছ থেকে ভিন্ন তথ্য পাওয়া গেছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনে সুন্নি শাসক সাদ্দাম হোসেনের পতনের পর শিয়ারা ক্ষমতায় আসা থেকেই সুন্নিরা কোণঠাসা হয়ে পড়েছে বলে অভিযোগ করে আসছে।