২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বস্টনের সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের বস্টন ম্যারাথনের সন্দেহভাজন বোমা হামলাকারী জোখার সারানায়েভের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। আনীত অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Apr 2013, 03:10 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার হাসপাতালের কেবিনে অভিযোগের শুনানি শেষে মামলাটি দায়ের করা হয়।

গ্রেপ্তার কালে পুলিশের গুলিতে আহত জোখার বস্টনের একটি হাসাপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন।

আনীত অভিযোগে বলা হয়, ১৯ বছর বয়সী চেচেন নৃতাত্ত্বিক গোষ্ঠীর জোখারকে ১৫ এপ্রিল বিশ্বখ্যাত বস্টন ম্যারাথন চলাকালে ওই স্থানে থাকা নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে পিঠে ব্যাগ বাঁধা অবস্থায় ফিনিশ লাইনের কাছে দেখা গেছে।

নিজ বড় ভাইয়ের সঙ্গে মিলিতভাবে নিজেদের উদ্দেশ্য সাধন করেছেন তারা, অভিযোগে বলা হয়।

জোখারের বড় ভাই তামারলেন সারানায়েভ গত শুক্রবার সকালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন।

অভিযোগে বলা হয়, এই দুইভাই বস্টন ম্যারাথন চলাকালে প্রেশার কুকারে বানানো বোমার বিস্ফোরণ ঘটিয়ে ৩ জনকে হত্যা ও ২শ’ জনকে আহত করেন, ম্যারাথন দৌড়ের ফিনিশ লাইনের কাছে বিস্ফোরিত ওই বোমার মধ্যে থাকা পেরেক ও বল বিয়ারিং এর আঘাতে দশজন তাদের পা হারান।

ব্যাপক পাকড়াও অভিযানের পর শুক্রবার রাতে জোখার পুলিশের হাতে ধরা পড়েন। মারাত্মক আহত জোখারকে হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে জানানো হয়, গ্রেপ্তারের পর তার মাথায়, ঘাড়ে, পায়ে ও হাতে গুলির আঘাত শনাক্ত হয়।

বস্টন বোমা হামলার ঠিক এক সপ্তাহ পর এই মামলাটি করা হল, এই এক সপ্তাহে বস্টনের জীবনযাত্রা ধীরে ধীরে প্রায় স্বাভাবিক ছন্দে ফিরে গেছে।

অস্ত্র ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে সম্পদ ধ্বংস যা মৃত্যুর কারণ ঘটিয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবহার করার অভিযোগ আনা হয়েছে জোখারের বিরুদ্ধে। এই অভিযোগ দুটির যে কোনো একটি প্রমাণিত হলেই মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারেন জোখার।

তার বিরুদ্ধে আরো অভিযোগ আনা হতে পারে বলে আইন বিশেষজ্ঞারা জানিয়েছেন।

ম্যারাথন চলাকালে ও বোমা বিস্ফোরণের পর নিরাপত্তা ক্যামেরা, গণমাধ্যম ও জনসাধারণের ধারণকৃত ভিডিও ও স্থির ছবির ভিত্তিতে ১০ পৃষ্ঠার এই অভিযোগ গঠন করা হয়েছে। তবে অভিযোগে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয়নি।

তদন্তের এ দিকটা রহস্যময় অংশ হিসেবেই রয়ে গেলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা।