২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুসলিম হত্যায় মিয়ানমার কর্তৃপক্ষ সহায়তা করেছে’

রোহিঙ্গা মুসলিম হত্যায় মিয়ানমারের রাখাইন রাজ্য কর্তৃপক্ষ সহায়তা করে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে বলে অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

. .

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 08:09 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

সোমবার নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগ করা হয়েছে ।

গত বছর ওই হত্যাকাণ্ডের জেরে মিয়ানমার জুড়ে মুসলিম বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।

২০১২ সালে জুনে ও অক্টোবরে উত্তেজিত বৌদ্ধ রাখাইন দাঙ্গাকারীরা যখন মুসলিম পুরুষ, নারী ও শিশুদের হত্যা করছিল, নিরাপত্তা বাহিনীর সদস্যরা সে সময় নিশ্চুপ দাঁড়িয়ে ঘটনা দেখেছিল, তাদের কেউ কেউ এমনকি দাঙ্গাকারীদের সঙ্গেও যোগ দিয়েছিল।ওই দুই দাঙ্গার ঘটনায় অন্তত ১শ ১০ জন নিহত হয়।

ঘটনা সম্পর্কে এইচআরডব্লিউ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, “রাজ্যের নিরাপত্তা বাহিনী মাঝে মাঝে দাঙ্গা থামানোর চেষ্টা ও পলায়নপর মুসলিমদের রক্ষার চেষ্টা করলেও হামলার অধিকাংশ সময়ই তারা একপাশে দাঁড়িয়ে ছিল অথবা হামলায় সরাসরি যুক্ত থেকে হত্যাকাণ্ডসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে জড়িয়ে পড়েছিল।

এইচআরডব্লিউ এশিয়ার উপপরিচালক ফিল রবার্টসন মার্চে মিয়ানমারের মধ্যাঞ্চলে সংঘটিত দাঙ্গার উদাহরণ দিয়ে বলেন, রাজ্য কর্মকর্তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার তদন্ত না হওয়া ও তারা শাস্তি না পাওয়ায় অন্যান্য জায়গায় মুসলিম বিরোধী প্রচারণাকারীরা সাহসী হয়ে ওঠে।

মার্চের ওই দাঙ্গায় আরো ৪৩ জনেরও বেশি নিহত ও অন্তত ১২ হাজার মুসলিম বাস্তুচ্যুত হন।

“রাখাইনের দাঙ্গার ঘটনা উগ্র মুসলিম বিরোধী তৎপরতাকে উৎসাহিত করে। পরিকল্পিত হামলার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই, এই ধারণা পাওয়ার পর থেকে দাঙ্গাকারীরা আরো উত্তেজিত ও উৎসাহী হয়ে ওঠে,বলেন রবার্টসন।

দীর্ঘদিন সেনাশাসনের কবলে থাকা মিয়ানমারে গণতান্ত্রিক রূপান্তর দ্রুততার সাথে এগোলেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। সেনাসমর্থিত বেসামরিক সরকারের এই রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের সমর্থনে দেশটির ওপর আরোপিত অধিকাংশ পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

দেশটিতে পশ্চিমা সাহায্য ও বিনিয়োগের অনুমোদনও দেয়া হয়েছে। মিয়ানমারের ওপর আরোপিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অস্ত্র নিষেধাজ্ঞাও সোমবার তুলে নেওয়ার কথা রয়েছে।

ইইউ র এ পদক্ষেপ মিয়ানমারের দুর্বল মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে পশ্চিমের চাপ সৃষ্টির সামর্থ্য আরো হ্রাস করবে বলেই মনে করেন রবার্টসন।

এইচআরডব্লিউ’র প্রকাশিত এই প্রতিবেদনের বিষয়ে মিয়ানমারের কর্মকর্তাদের কারো সঙ্গে যোগযোগ করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স ।