২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাপোলিতানো ফের ইতালির প্রেসিডেন্ট

দ্বিতীয় মেয়াদের জন্য ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৮৭ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট জিওর্জিও ন্যাপোলিতানো।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Apr 2013, 07:00 AM

Updated : 25 Apr 2022, 06:38 PM

শনিবার ইতালির পার্লামেন্ট ন্যাপোলিতানোকে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত করে।

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইতালিতে বিদ্যামান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে ন্যাপোলিতানোকে পুনর্নির্বাচিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

তার পুনর্নির্বাচনে পার্লামেন্টের অধিকাংশ সদস্য উল্লাস প্রকাশ করলেও পার্লামেন্টের বাইরে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। সন্ধ্যার মধ্যে বিক্ষোভে যোগ দেওয়া লোকের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যায়।

দেশের সুবিধাবাদি রাজনৈতিক শ্রেণী ও মধ্যডানপন্থী সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে সুবিধা দিতেই ন্যাপোলিতানোকে আবার নির্বাচিত করা হয়েছে বলে মনে করছেন প্রতিবাদকারীরা।

প্রতিষ্ঠিত শ্রেণী বিরোধী ফাইভ স্টার আন্দোলনের নেতা বেপ্পে গ্রিল্লো ন্যাপোলিতানোর পুনর্নির্বাচনকে “ক্যু” হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ইতালিয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।

আগের পাঁচ রাউন্ড ভোটে সর্বসম্মতিক্রমে কোনো নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যর্থ পার্লামেন্ট সদস্য ও আঞ্চলিক প্রতিনিধিরা ষষ্ঠ রাউন্ডের ভোটে ন্যাপোলিতানোকেই পুনর্নির্বাচিত করেন।

পার্লামেন্ট সদস্য ও আঞ্চলিক প্রতিনিধিদের ১ হাজার ৭টি ভোটের মধ্যে ন্যাপোলিতানোর পক্ষে ৭শ’ ৩৮টি ভোট পড়ে।

ন্যাপোলিতানো আগামী সপ্তাহ থেকে একটি বহুদলীয় জোট সরকার গঠণের লক্ষ্যে নির্বাচিত দলগুলোর প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদ থেকে পাঠানো টেলিভিশনে সম্প্রচারিত এক সংক্ষিপ্ত মন্তব্যে ন্যাপোলিতানো আসছে সপ্তাহগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সব পক্ষকে “নিজ নিজ দায়িত্ব পুরোপুরি পালন করার” অনুরোধ জানান ।

ইতালির প্রেসিডেন্ট ন্যাপোলিতানো বর্তমান বিশ্বের অন্যতম বয়োজ্যেষ্ঠ রাষ্ট্রপ্রধান।