২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাসের বিস্ফোরণ ছিল ‘টর্নেডোর মতো’

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওয়াকোর ওয়েস্ট শহরের সার কারখানায় প্রাণঘাতী বিস্ফোরণটি ‘ছিল টর্নেডোর মতোই’, বলছেন প্রত্যক্ষদর্শীরা।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 01:57 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বিস্ফোরণে ৫ থেকে ১৫ জনের মতো মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছে ১৬০ জনেরও বেশি মানুষ। উদ্ধার তৎপরতা চলছে এবং মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার রাত সাতটা ৫০ মিনিটে ওয়েস্ট ফার্টিলাইজারের কারখানায় আগুন ধরে গিয়ে বিস্ফোরণ ঘটে। আগুন লাগার কারণ জানা যায়নি।

রাসায়নিক বিক্রিয়া নাকি অপরাধ তৎপরতার কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা তদন্তকারীরা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন ওয়াকোর পুলিশ সার্জেন্ট ডব্লিউ প্যাট্রিক সোয়ান্তোন।

তবে জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা বলছেন, এমোনিয়ার কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। কারণ, কারখানাস্থলে ২০ টন এনহাইড্রোস অ্যামোনিয়া মজুদ ছিল বলে খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে আশপাশের স্কুল, নার্সিংহোমসহ অসংখ্য ভবন ধ্বংস হয়ে গেছে। ভেঙে পড়া কয়েকটি ভবনে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

ধ্বংসলীলার বর্ণনা দিতে গিয়ে ম্যাকক্লেলান কাউন্টির শেরিফ পারনেল ম্যাকনামারা বলেছেন, “ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। এরকম আমি কখনো দেখিনি। সব ধ্বংস স্তুপ দেখে পুরো এলাকাকে যুদ্ধক্ষেত্র মনে হচ্ছিল।”

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী ডেবি মারাকের বর্ণনায়, “এটি (বিস্ফোরণ) ছিল টর্নেডোর মতো। চতুর্দিকে উড়ছিল ধ্বংসাবশেষ, আমার গাড়ির জানালা উড়ে গেল, মনে হচ্ছিল পুরো দুনিয়া কাঁপছে।”

মেয়র টমি মুসকা সিএনএনকে জানান, কারখানাটির চারপাশের ৬০টি থেকে ৮০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ওয়াকোর ৩২ কিলোমিটার উত্তরে ওয়েস্ট শহরের বাসিন্দা প্রায় দুই হাজার ৮০০।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আগুন নিভাতে যাওয়া বেশ কিছু অগ্নিনির্বাপণ কর্মী এখনো নিখোঁজ রয়েছে। জরুরি সেবা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জীবীতদের সন্ধান করছে বলে জানিয়েছে বিবিসি।