মুবারকের পুনর্বিচার ১১ মে
মিশরের সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের পুনর্বিচার নতুন করে শুরু হচ্ছে ১১ মে। কায়রোর আপিল আদালত বুধবার একথা জানিয়েছে।
এর আগে ১৩ এপ্রিল কায়রোর একটি আদালতে মুবারকের পুনর্বিচার শুরু হয়েই মুলতবি হয়ে যায়।
বিচারকালে প্রচণ্ড বিশৃঙ্খলার কারণে বিচারক কাজ চালাতে অপারগতা প্রকাশ করায় পুনর্বিচার মুলতবি করা হয়।
২০১১ সালে সরকারবিরোধী গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে এর আগে যাবজ্জীবন কারাদণ্ড হয় মুবারকের।এ রায়ের বিরুদ্ধে মুবারক আপিল করায় তাঁর পুনর্বিচার করা হচ্ছে।
মুবারক আমলে দেশব্যাপী গণ-অভ্যুত্থানে সরকারের দমভিযানে নিহত হয় প্রায় ৮৫০ জন।
এ মামলা ছাড়াও মুবারক দুর্নীতির অভিযোগে আরো একটি মামলার তার দুই ছেলে ও এক ব্যবসায়ীসহ পুনর্বিচারের মুখে রয়েছেন।প্রথম দফা বিচারে তারা দোষী সাব্যস্ত হয়েছিলেন।
গত ১৩ এপ্রিল আদালতে মুবারকের পুনর্বিচার শুরুর পর তুমুল বিশৃঙ্খলা দেখা দিলে এবং আদালতে উপস্থিত আইনজীবীরা দেশের মানুষ স্বৈরশাসক মোবারকের মৃত্যুদণ্ড চায় বলে জানান দিলে বিচারক মোস্তফা হাসান আবদাল্লাহ বিচারকাজ মুলতবি করেন।
গত সোমবার আদালত মুবারককে কারাগার থেকে মুক্তি দেয়ার রায় জানালেও দুর্নীতির অভিযোগে ফের তাকে আটক রাখার সিদ্ধান্ত জানায়।
