পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বোমা হামলায় নিহত ৯
তালেবান আন্দোলনের বিরোধীতাকারী একটি পাকিস্তানি রাজনৈতিক দলের সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।
মঙ্গলবার পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১১ মে’র সাধারণ নির্বাচনকে সামনে রেখে এ সমাবেশের ডাক দিয়েছিল খাইবার পাখতুনখোয়া প্রদেশের সদ্য সাবেক হওয়া ক্ষমতাসীন দল আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)।
হামলায় এএনপি’র বর্ষীয়ান নেতা ও সাবেক প্রাদেশিক রেলমন্ত্রী গুলাম আহমেদ বিলাউরও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
১১ মে’র নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচিত সরকারের কাছ থেকে পরবর্তি নির্বাচিত দলের কাছে রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তরের কথা। কিন্তু নির্বাচন বা তার আগে বিদ্রোহীদের হামলার হুমকী উদ্বেগ সৃষ্টি করেছে।
“এটি একটি আত্মঘাতী হামলা,” জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাফকাত মালিক জানান।
নির্বাচনের আগে এনপি’র ওপর হামলার হুমকী দিয়েছিল পাকিস্তানি তালেবান। তাদের এক মুখপাত্র হামলার দায়িত্ব স্বীকার করেছে।
হামলায় আহত ৫০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন।
অপরদিকে, বিচ্ছিন্ন আরেকটি আত্মঘাতী গাড়িবোমা হামলায় উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন।
