২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মমতার দিকে তেড়ে গেলে হাত ভেঙে দেয়া হবে’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ফের কেউ তেড়ে গেলে তার হাত ভেঙে দেয়া হবে বলে তৃণমূল কংগ্রেসের এক নেতা হুমকি দিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 10:26 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

মমতা নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় রোববার রাতে এ হুমকি দেন বলে সোমবার এনডিটিভির এক খবরে বলা হয়।

গত সপ্তাহে নয়া দিল্লিতে পরিকল্পনা কমিশনের সামনে বামফ্রন্ট সমর্থিত ছাত্র সংগঠনের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের হস্তক্ষেপে মমতা রক্ষা পেলেও তার অর্থমন্ত্রী অমৃত মিত্রের সঙ্গে বিক্ষুব্ধদের ধস্তাধস্তি হয়। এর পর দুজনই হাসপাতালে ভর্তি হন।

ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আবার যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিকে কেউ তেড়ে যায় তাহলে তার হাত ভেঙে দেয়া হবে।”

সম্প্রতি পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

গত সপ্তাহে রাজ্যের বিভিন্ন স্থানে সিপিএমের কার্যালয়ে হামলা চালায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। গত ১০ এপ্রিল তৃণমূলের পতাকা নিয়ে একদল মানুষ কলকাতায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ব্যাপক ভাংচুর করে।

চলতি মাসের শুরুর দিকে কলকাতায় গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে বামফ্রন্ট সমর্থিত ছাত্র সংগঠনের এক কর্মীর মৃত্যু হয়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে।