সোমালিয়ায় জঙ্গি হামলায় নিহতের সংখ্যা ৩০
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর প্রধান আদালতভবনে রোববারের বন্দুক ও বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ হয়েছে।
মোগাদিসুর অ্যাম্বুলেন্স সার্ভিসের এক সমন্বয়ক বলেন, “অন্তত ৩০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।”
আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের হামলা এবং এরপরপরই আল শাবাব জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে এ হতাহতের ঘটনা ঘটে।
আদালতভবনে বন্দুকধারীরা হামলা চালালে আদালতের বাইরে একটি বোমাও বিস্ফোরণ ঘটে। এ সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ভবনের ভেতরে থাকা যোদ্ধাদের লড়াই হয়।
পরে আফ্রিকান ইউনিয়ন এবং তুর্কি রেডক্রিসেন্টের বিমানবন্দরগামী একটি গাড়িবহরের কাছে বোমা বিস্ফোরণ ঘটে।আল শাবাব বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে।
আদালত সংলগ্ন মেয়রের কার্যালয়ের এক কর্মী বলেন, “আদালতের প্রবেশপথে একটি গাড়িবোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অস্ত্রসজ্জিত প্রায় ৭ জন সরকারি পোশাকে আদালতে প্রবেশ করে।
“সশস্ত্র ওই ব্যক্তিরা আদালতে ঢোকার সময় আমরা বিস্ফোরণের শব্দ পাই। এর পরই তারা গুলি করতে শুরু করে।
রয়টার্সের সাংবাদিকরা ভবনটিতে ১৬ জনের মৃতদেহ দেখতে পাওয়ার কথা জানান।
সোমালি সরকার জানায়, ৯ বন্দুকধারী হামলায় জড়িত ছিল।তারা সবাই নিহত হয়েছে।তাদের মধ্যে ছয়জন আত্মঘাতী বেল্ট পরে ছিল।
ওদিকে, আল শাবাব তাদের ৬ যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে।
