চ্যাবেসের উত্তরসূরি নির্বাচনে ভেনেজুয়েলায় ভোট
ভেনেজুয়েলায় প্রয়াত প্রেসিডেন্ট উগো চ্যাবেস পরবর্তী নেতা নির্বাচন করতে রোববার ভোট শুরু হয়েছে।নির্বাচনে প্রধান দুই প্রার্থী দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং মিরান্ডা রাজ্যের গভর্নর হেনরিক ক্যাপ্রিলেস।
নির্বাচনপূর্ব বেশিরভাগ জরিপেই দুই অঙ্কের জনসমর্থন নিয়ে এগিয়ে ছিলেন মাদুরো।তবে নির্বাচনের শেষ দিনগুলোতে এসে জনসমর্থনের দিক প্রতিপক্ষের সঙ্গে মাদুরোর ব্যবধান কমে এসে দাঁড়ায় মাত্র ৭ শতাংশে।
ক্যাপ্রিলেস বলছেন, বিভক্ত ‘চ্যাভিস্তা’ রাজনীতিতে ভেনেজুয়েলাবাসী ক্লান্ত হয়ে পড়েছে।আর সে কারণেই তার জন্য আকস্মিকভাবে নির্বাচনে জয়ের পট প্রস্তুত হয়েছে।
গত অক্টোবরের নির্বাচনে চ্যাবেসের সঙ্গে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অল্পের জন্য হেরে গিয়েছিলেন ক্যাপ্রিলেস।
এবার চ্যাবেসের মৃত্যু পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে মাদুরোর সঙ্গে ক্যাপ্রিলেসের তীব্র বিরোধ দেখা দেয়।
ভোট শুরুর অন্তিম মুহূর্তে এসে মাদুরোর বিরুদ্ধে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগ তুলেন ক্যাপ্রিলেস।বেআইনিভাবে সরকারি টেলিভিশন ব্যবহার করে মাদুরোর নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ করেন তিনি।
রাষ্ট্রীয় টিভিতে দেখা গেছে, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উগো চ্যাবেসের সমাধিক্ষেত্র পরিদর্শন করছেন।
এভাবে রাষ্ট্রীয় টেলিভিশন ব্যবহার করে মাদুরো ভোটারদের সহানুভূতি অর্জনের করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন ক্যাপ্রিলেস।তবে এ সমস্ত অভিযোগকে আমলে নেননি মাদুরো।
রোববার কঠোর নিরাপত্তার মধ্যে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে প্রায় দুই কোটি মানুষ।ইলেকট্রনিক পদ্ধতিতে স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে পরবর্তী ১০ ঘণ্টা পর্যন্ত।
ভোটে বিজয়ী প্রার্থী ১৯ এপ্রিল শপথ গ্রহণ করবেন।২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত ৬ বছর মেয়াদে ক্ষমতায় থাকবেন তিনি।
