উত্তর কোরিয়ার তীব্র নিন্দায় জি-৮
লন্ডনে জি-৮ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার অত্যন্ত কড়া ভাষায় উত্তর কোরিয়ার পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির তীব্র নিন্দা জানিয়েছেন।
পাশাপাশি সিরিয়ার বেসামরিক নাগরিকদের জন্য আরো মানবিক সাহায্য দেয়ার আহ্বান জানানো হয়েছে বৈঠকে।
এবারের আলোচনায় অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে সিরিয়া ও কোরিয়া ইস্যু।
উত্তর কোরিয়ার মারমুখী বাগাড়ম্বর ও উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে কোরিয়া উপদ্বীপে সৃষ্ট উত্তেজনার নিন্দা জানিয়ে জি-৮ পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, এতে করে ডিপিআরকে(উত্তর কোরিয়া)কেবল বহির্বিশ্ব থেকে আরো বিচ্ছিন্নই হয়ে পড়বে।
কোরিয়া উপদ্বীপে চরম উত্তেজনার মধ্যে বুধবার উত্তর কোরিয়া বিপদ সীমার কাছে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল।
উত্তরের হুমকির মুখে দক্ষিণ কোরিয়া তাদের সামরিক বাহিনীকে সতর্কাবস্থায় রেখেছে। উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য লাঞ্চার প্রস্তুত করেছে এমন খবরের ভিত্তিতে দক্ষিণ কোরিয়া ওই ব্যবস্থা নেয়।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার বৈঠক শেষে এক ঘোষণাপত্রে উত্তর কোরিয়াকে ভবিষ্যতে আর কোনো উস্কানি দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান জি-৮ ভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কানাডা, ও রাশিয়ার মন্ত্রীরা।
চূড়ান্ত বিবৃতিতে মন্ত্রীরা সিরিয়ায় দুর্ভোগের মধ্যে থাকা মানুষদের জন্য মানবিক সাহায্য আরো বাড়ানোর পাশাপাশি সিরিয়ায় লড়াইরত সব পক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দেশটিতে ত্রাণ সরবরাহের আরো ভাল পরিবেশ সৃষ্টি করাসহ ত্রাণ সংস্থাগুলোকে জনগণের কাছে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করার আহ্বান জানান।
তাছাড়া, সিরিয়ার লড়াইয়ে হতাহতের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন কর্মকর্তারা।একইসঙ্গে সংঘর্ষে যৌন সহিংসতা প্রতিরোধ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
উত্তর আয়ারল্যান্ডে এ বছরের জি-৮ শীর্ষ সম্মেলনের আগে বুধবার লন্ডনে এ আগাম বৈঠকে বসেন নেতারা।যুক্তরাজ্য জি-৮ এর বর্তমান চেয়ারম্যান।
