দক্ষিণ সুদানে ৫ ভারতীয় সেনা নিহত
দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলে গোলযোগপূর্ণ জঙলেই রাজ্যে মঙ্গলবার চোরাগোপ্তা হামলায় জাতিসংঘের ৫ ভারতীয় শান্তিরক্ষী সেনা ও ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় নিহত জাতিসংঘ সেনারা ভারতীয় বলে জানিয়েছে। নিহত বেসামরিক নাগরিকদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে জাতিসংঘ বলেছে, এদের দুইজন দক্ষিণ সুদানের কর্মী এবং বাকী ৫ জন ঠিকাদার।
জাতিসংঘ মুখপাত্র এদুরাদো ডেল বুয়ে জানান, মহাসচিব বান কি-মুন এ হামলার ঘটনায় মর্মাহত। তিনি দক্ষিণ সুদানকে এ ঘটনার জন্য দায়ীদের বিচার করার আহ্বান জানিয়েছেন।
