দেশদ্রোহীতার অভিযোগ: মুশাররফকে আদালতে তলব
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে দেশদ্রোহীতার অভিযোগ নিয়ে শুনানির জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সোমবার আদালত এ নির্দেশ দেয়।মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারকরা দেশদ্রোহীতার অভিযোগে মুশাররফকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আবেদনের শুনানি করবে।
লাহোর হাইকোর্টের রাওয়ালপিন্ডি বেঞ্চের আইনজীবী সমিতির সভাপতি প্রেসিডেন্ট চৌধুরী তৌফিক আসিফ এ আবেদন করেছিলেন।
২০০৭ সালে জরুরি অবস্থা জারি এবং বিচারকদের গ্রেপ্তারের কারণে মুশাররফের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ অানার আবেদন করেন তিনি।
সোমবার আবেদনের প্রাথমিক শুনানির দিন আদালত মুশাররফকে তলব করে তার উপস্থিতি নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে।একইসঙ্গে মুশাররফ যাতে পাকিস্তান ত্যাগ করতে না পারেন সে ব্যাপারটি নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও নির্দেশ দিয়েছে আদালত।
আগামী মে মাসের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দেশের চিত্রাল আসনে মুশাররফ মনোনয়ন পাওয়ার পর দেশদ্রোহীতা মামলায় তার আদালতে হাজির হওয়ার এ নির্দেশ এল।
চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর সাধারণ নির্বাচনে অংশ নিতে তালেবানের হুমকি ও গ্রেপ্তারের আশঙ্কা উপেক্ষা করে গত ২৪ মার্চ দেশে ফেরেন সাবেক স্বৈরশাসক জেনারেল মুশাররফ।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের ঘটনায় তাকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থতার মামলা।
এছাড়া, বেলুচ আদিবাসী নেতা নবাব আকবর বুগতি হত্যাকান্ডসহ কয়েকটি মামলা আছে তার বিরুদ্ধে।এরই মধ্যে মুশাররফ দেশদ্রোহীতা মামলার মুখে পড়েছেন।
তবে সব মামলাকেই ‘ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছেন মুশাররফ।
