২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘এখনি পরমাণু পরীক্ষা চালাচ্ছে না উত্তর কোরিয়া’

উত্তর কোরিয়া নতুন পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন সন্দেহ প্রকাশের পরপরই তা নাকচ করে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা এখনি এ পরীক্ষা চালাবে এমন কোনো আভাস পাওয়া যায়নি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Apr 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

উত্তর কোরিয়ার প্রধান পরমাণু পরীক্ষা কেন্দ্রকে ঘিরে যে তৎপরতা দেখা গেছে তা রুটিনমাফিক কার্যকলাপ।

অথচ এর আগের খবরেই উত্তর কোরিয়ার ওই তৎপরতাকে নতুন আরেকটি পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণের প্রস্তুতি বলে সন্দেহ পোষণ করে দক্ষিণ কোরিয়া।

সোমবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী রাইয়ু কিহি জে এ সন্দেহের কথা জানান।

সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে কিহি জে পার্লামেন্টের এক কমিটির সামনে বলেন, “আমি শুধু বলতে পারি, এ ধরণের তৎপরতার লক্ষণ সেখানে দেখা গেছে।

দক্ষিণ কোরিয়ার এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দৈনিক জুনঙ্গানঙ্গ ইলবোও জানায়, উত্তর কোরিয়ার পুঙ্গগি-রি পরীক্ষা কেন্দ্রে ফেব্রুয়ারির পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণের আগে যানবাহন ও মানুষের যে রকম আনাগোনা দেখা গিয়েছিল এখনো আবার সেরকম আনাগোনা দেখা যাচ্ছে।

ফলে উত্তর কোরিয়া শিগগিরিই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে ঘোরতর সন্দেহ প্রকাশ করে দক্ষিণ কোরিয়া।

কিন্তু এর পরই আরেক খবরে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন সেওক এ আশঙ্কার কথা নাকচ করে জানালেন, “আমরা উদ্বেগজনক কোনো তৎপরতা দেখিনি যাতে করে মনে হতে পারে যে তারা পরমাণু পরীক্ষা চালাতে চাইছে।”

“এ পরীক্ষা আসন্ন নয়” বলেন তিনি।

তবে সেওক বলেন, তারা ইতোমধ্যেই জেনেছেন যে, উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালানোর জন্য সাম্প্রতিক সময়ে দুটো সুড়ঙ্গ প্রস্তুত করেছে।তারা যে কোনো সময় একে কাজে লাগাতে উদ্যত হতে পারে।

কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি বলেই জানান তিনি।

পুরনো খবর:

‘উত্তর কোরিয়া নতুন পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে’