‘উত্তর কোরিয়া নতুন পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে’
উত্তর কোরিয়ার প্রধান পরমাণু পরীক্ষা কেন্দ্রকে ঘিরে ক্রমবর্ধমান তৎপরতা নতুন আর একটি পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণের প্রস্তুতি বলে সন্দেহ করছে দক্ষিণ কোরিয়া। অভিযোগটি সত্য হলে এটি কোরীয় উপদ্বীপের বিস্ফোরণ্মুখ পরিস্থিতিকে আরো নাজুক করে তুলবে।
সোমবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী রাইয়ু কিহি জে এ সন্দেহের কথা প্রকাশ করেন।
সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে কিহি জে পার্লামেন্টের এক কমিটির সামনে এ কথা বলেন। তিনি বলেন, “আমি শুধু বলতে পারি, এ ধরণের তৎপরতার লক্ষণ সেখানে দেখা গেছে।
তবে তার ভাষায় বিষয়টি “গোয়েন্দা সম্পর্কিত” হওয়ায় প্রকাশ্যে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি।
দক্ষিণ কোরিয়ার এক জ্যেষ্ঠ সরকারী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দৈনিক জুনঙ্গানঙ্গ ইলবো জানায়, উত্তর কোরিয়ার পুঙ্গগি-রি পরীক্ষা কেন্দ্রে ফেব্রুয়ারি পরীক্ষামূলক বিস্ফোরণের আগে যানবাহন ও মানুষের যে রকম আনাগোনা দেখা গিয়েছিল এখনও আবার সেরকম আনাগোনা দেখা যাচ্ছে।
উত্তর কোরিয়া শিগগিরিই নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে বলে অনুমান ক্রমেই ঘনীভূত হচ্ছে।
দক্ষিণ কোরীয় মন্ত্রীর এ মন্তব্যের একদিন আগে উত্তর কোরিয়ার একমাত্র কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগী চীন নজিরবিহীনভাবে উত্তর কোরিয়াকে তিরস্কার করে।
১২ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার পরমাণু বোমার তৃতীয় পরীক্ষামূলক পরীক্ষা জাতিসংঘকে দেশটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য করে। এতে ক্ষিপ্ত উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রে হামলা চালানোর হুমকী দেয়।
গত সপ্তাহে উত্তর কোরিয়া রাজধানীতে পিয়ংইয়ং এর বিদেশী দূতবাসগুলোকে পরবর্তী বুধবার থেকে কূটনীতিকদের নিরাপত্তার আর কোনো নিশ্চয়তা দিতে পারবে না বলে জানিয়ে দেয়। চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শেষ না হওয়া পর্যন্ত যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে কূটনীতিকদের সতর্ক করে দেয় দেশটি।
তবে এ হুঁশিয়ারি সত্বেও কোনো বিদেশী কূটনীতিক উত্তর কোরিয়ার রাজধানী ছেড়েছেন বলে খবর পাওয়া যায়নি।
