‘প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন হিলারি’
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রার্থী হতে পারেন বলে আভাস দিয়েছেন হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে হিলারির প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে নানা ধরণের হিসাব-নিকাশ আর জল্পনা-কল্পনা শুরু হয়েছে। আর এমন পরিস্থিতিতে বিল ক্লিনটনের এই আভাস বিষয়টিকে আরো উস্কে দিল বলেই এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট বিল ক্লিনটন শনিবার রাতে এক অনুষ্ঠানে বলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের কাউকে নির্বাচিত করার সুযোগ থাকবে।
তার এই বক্তব্যে সেইন্ট লুইসের ওই অনুষ্ঠানে আসা মানুষ তুমুল করতালি দিয়ে স্বাগত জানান। কেননা তারা ধরে নিয়েছেন, নির্বাচনে হিলারির প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিতই দিয়েছেন বিল।
ক্লিনটন বৈশ্বিক উদ্যোগ (সিজিআই) এর আয়োজনে ওই অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে বিল বলেন, ‘আমি মনে করি প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকার জনগণের খুব পছন্দের কাউকে নির্বাচিত করার সুযোগ থাকবে।’
বিল ক্লিনটন জানান, তিনি একজন ব্যক্তির দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে না পারার নিয়মের পক্ষে। কিন্তু পরপর দুই মেয়াদের পর অন্যকোনো সময় একই ব্যক্তির পুনরায় প্রেসিডেন্ট হওয়ার বিষয় তিনি প্রত্যাখ্যান করেন না।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর চলতি সপ্তায় হিলারি ক্লিনটন দুইবার জনসমক্ষে এসেছেন। ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি প্রার্থী হবেন বলে জোর সম্ভাবনা রয়েছে।
যদিও তিনি প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন কি না এ বিষয়ে ইতিবাচক কিংবা নেতিবাচক কোনোকিছুই জানাননি কিন্তু এরপরও তার সমর্থকরা ইতোমধ্যে তার নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, হিলারি একজন দুর্দান্ত প্রার্থী হতে পারেন, কিন্তু সেটি অনেক বেশি নির্ভর করছে ওবামা প্রশাসনের সাফল্যের ওপর।
তিনি আরো বলেন, ‘আমি মনে করি ওবামা প্রশাসনের ৮ বছরের শাসনে যদি কাঙ্ক্ষিত পরিবর্তন না আসে তবে পরবর্তী ডেমক্রেট প্রেসিডেন্ট প্রার্থীকে সমস্যায় পড়তে হবে।’
