তুরস্ক-ইসরায়েল স্বাভাবিক সম্পর্কের আহ্বান কেরির
তুরস্ক ও ইসরায়েলকে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।রোববার তুরস্ক সফরকালে কেরি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই এ সম্পর্ক পুনর্প্রতিষ্ঠা করা জরুরি।
ইস্তাম্বুল সফরকালে তিনি বলেন, নিহত তুর্কিদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার অঙ্গীকার রক্ষা করার পাশাপাশি রাষ্ট্রদূতদের ফেরত পাঠানোসহ সম্পর্ক পুরোপুরি প্রতিষ্ঠা করা দরকার ইসরায়েলের।
ইসরায়েল-তুরস্ক সম্প্রীতি সিরিয়ার গৃহযুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে আঞ্চলিক সমন্বয় জোরদার করবে এবং ইরানের পরমাণু কর্মসূচির চ্যালেঞ্জের মুখে থাকা ইসরায়েলের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসান ঘটাবে বলে মন্তব্য করেন কেরি।
ইসরায়েলের সঙ্গে সম্পর্কে বিষয়টি ছাড়াও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিরিয়া সঙ্কট নিয়েও কেরি আলোচনা করেছেন বলে জানানো হয়েছে খবরে।
সিরিয়ায় যুদ্ধের কারণে পালাতে থাকা মানুষদের জন্য কেরি তুরস্ককে তাদের সীমান্ত খোলা রাখার আহ্বান জানাবেন বলে এর আগে এক খবরে জানিয়েছিলেন ঊর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা।
