২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে কূটনীতিকসহ ছয় মার্কিন নাগরিক নিহত

আফগানিস্তানে এক গাড়িবোমা বিস্ফোরণে এক তরুণ মার্কিন কূটনীতিক ও তিন মার্কিন সেনাসহ পাঁচ যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আর একটি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের অপর এক নাগরিক নিহত হয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 07 Apr 2013, 05:57 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

শনিবার এসব ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানিয়েছেন।

তবে নিহত কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি। বিবৃতিতে জানানো হয়েছে, জাবুল প্রদেশে এক গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় বহর লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালানো হয়। এতে কূটনীতিকসহ অন্যান্যরা নিহত হন।

তবে মোট কতজন নিহত হয়েছেন বিবৃতিতে তা জানানো হয়নি।

বিবৃতিতে কেরি বলেন, “আমাদের যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ও তাদের আফগান সহকর্মীরা জাবুলের রাজধানী কালাতের একটি স্কুলের ছাত্রদের মধ্যে বই বিতরণ করতে যাওয়ার সময় কাপুরুষোচিত এ হামলা চালানো হয়।”

কাবুল সফরের সময় ওই তরুণ কূটনীতিকের সঙ্গে তার দেখা হয়েছিল বলে বিবৃতিতে কেরি উল্লেখ করেন। নিহত হওয়ার পর কূটনীতিকের বাবা-মার সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানিয়েছেন কেরি।

জাবুল প্রদেশে কর্মরত স্থানীয় ও আন্তর্জাতিক কর্মকর্তারা এর আগে ছয়জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন, যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য, দুইজন বেসামরিক নাগরিক ও একজন আফগান চিকিৎসক রয়েছেন।

জাবুল প্রদেশের গভর্নর মোহাম্মদ আশ্রাফ নাসেরি ওই গাড়িবহরে থাকলেও তিনি আঘাত পাননি বলে জানিয়েছেন ন্যাটো কর্মকর্তারা।

বিস্ফোরণের সময় গাড়ি বহরটি একটি হাসপাতাল ও ন্যাটোর একটি ঘাঁটির কাছ দিয়ে যাচ্ছিল। বিস্ফোরণে এক ছাত্র ও দুই সাংবাদিকসহ পাঁচ আফগান আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের এক হামলায় যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কর্মরত এক বেসামরিক মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

জাবুলের হামলার দায়িত্ব স্বীকার করেছে তালেবান।