মিশরে মুসলিম-খ্রিস্টান দাঙ্গায় নিহত ৫
মিশরে মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো আটজন আহত হয়েছে।
শনিবার রাজধানী কায়রোর কাছাকাছি একটি এলাকায় দাঙ্গার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
মিশরের রাষ্ট্রিয় টেলিভিশন এমইএনএ নিহতের সংখ্যা চারজন বলে জানিয়েছে। গত কয়েকমাসে এটি মিশরে সংঘটিত সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘাত।
কায়রোর উত্তরে এল খুসুস এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার একটি মসজিদের দেওয়ালে একদল খ্রিস্টান শিশুর ছবি আঁকা নিয়ে দাঙ্গার সূত্রপাত হয়।
রয়টার্সের এক প্রতিনিধি দেওয়ালে স্বস্তিকার মতো দেখতে কিছু আঁকা হয়েছে বলে দেখতে পেয়েছেন। মুসলিম বাসিন্দারা জানিয়েছে, ক্রসের মতো দেখতে এই চিহ্নগুলো তাদের অনুভূতিতে আঘাত হেনেছে।
মাহমুদ মাহমুদ আল আলফি নামের এক মুসলিম বাসিন্দা বলেন, “আসরের নামাজ শেষে আমি কিছু শিশুকে দেওয়ালে ছবি আঁকারত দেখেতে পাই, ওদের ছবি আঁকতে নিষেধ করি ও যা একেছে তা মুছে ফেলতে বলি।”
এ সময় আরেকজন লোক এসে শিশুদের মারতে শুরু করলে সেখানে অনেক লোক জড়ো হয়ে যায় বলে জানান আলফি। এ সময় কেউ একজন একটি আগ্নেয়াস্ত্র বের করে ফাঁকা গুলি ছুড়লে একটি লক্ষ্যভ্রষ্ট গুলিতে এক শিশু নিহত হয়।
“হঠাৎ এলাকাটি সশস্ত্র লোকজন দিয়ে ভরে যায়,” বলেন তিনি।
এরপর দুই সম্প্রদায়ের লোকজন বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়লে চারজন খ্রিস্টান ও একজন মুসলিম নিহত হয়।
এরপর একদল উত্তেজিত লোক খ্রিস্টানদের দোকানপাটে আগুনে পুড়িয়ে দেয়। এ সময় মুসলিমদের একটি আবাসিক ভবনও পুড়িয়ে দেওয়া হয়।
একটি বাড়ির সামনে কান্নারত কয়েকজন মুসলিম নারী এক লোকের ছবি দেখিয়ে দাঙ্গার সময় সে নিহত হয়েছে বলে জানায় ।
প্রেসিডেন্টের দপ্তর থেকে হতাহতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির মুসলিম নেতারও দ্রুত এই ঘটনার নিন্দা জানিয়ে সহিংতা দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
দাঙ্গা দমনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দাঙ্গা কবলিত এলাকার রাস্তাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
মিশরের ৮ কোটি ৪০ লাখ অধিবাসীর মধ্যে প্রায় ১০ শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী।
