দূতাবাস খালি করার পরামর্শ উত্তর কোরিয়ার
কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনাকর পরিস্থিতিতে সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে পিয়ংইয়ংয়ে রাশিয়াসহ অন্যান্য দেশের দূতাবাস খালি করে দেয়ার পরামর্শ দিয়েছে উত্তর কোরিয়া।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এবং চীনের সিনহুয়া বার্তা সংস্থার প্রাথমিক খবরে বলা হয়, উত্তর কোরিয়া সংঘাতের ঝুঁকির কারণে রাজধানী পিয়ংইয়ংয়ের দূতাবাসগুলো বন্ধ করে দেয়ার কথা ভেবে দেখার পরামর্শ দিয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় পিয়ংইয়ং এ রাশিয়ার দূতাবাস খালি করার বিষয়টি মস্কোকে ভেবে দেখার অনুরোধ করেছে বলে জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনকেও পরিস্থিতির আরো অবনতি হলে পিয়ংইয়ংয়ে চীনা দূতাবাস খালি করার অনুরোধ জানায় উত্তর কোরিয়া।
ওদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ এক কূটনৈতিক কর্মকর্তা জানান, পিয়ংইয়ংয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর দূতাবাসগুলোকেও খালি করে দেয়ার পরিকল্পনা জানানোর উদ্যোগ ইতোমধ্যেই নিয়েছে উত্তর কোরিয়া।
ভিয়েনা কনভেশনের আওতায় সংঘাতময় পরিস্থিতিতে কোনো দেশের দূতাবাস খালি করে দিতে বলার বিধান আছে।
গত ফেব্রুয়ারিতে তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালিয়ে জাতিসংঘ নিষেধাজ্ঞার কবলে পড়া এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া দেশ দু’টির বিরুদ্ধে যুদ্ধ অবশ্যম্ভাবী বলে হুঁশিয়ারি দিয়ে আসছে।
এ হুমকির মুখে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক শক্তিবৃদ্ধির মধ্যে উত্তর কোরিয়া দেশের দূতাবাসগুলো খালি করার এ অনুরোধ জানাল।
