দেশদ্রোহীতার গ্যাঁড়াকলে মুশাররফ, মনোনয়নপত্র বাতিল
সদ্য পাকিস্তানে ফেরা সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের নির্বাচনী ভবিষ্যৎ ক্রমেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে। শুক্রবার একটি আসনে বাতিল হয়েছে তার মনোনয়নপত্র। একইসঙ্গে দেশদ্রোহীতা মামলার মুখে পড়েছেন তিনি।
পাকিস্তানে নির্বাচনের আসন্ন সময়ে একটি আসনে মনোনয়নপত্র বাতিল হওয়ার পাশাপাশি দেশদ্রোহীতা মামলার গ্যাঁড়াকলে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ।
মুশাররফের বিরুদ্ধে ৮ এপ্রিলে দেশদ্রোহীতা মামলার পিটিশনের শুনানি করবে সুপ্রিম কোর্ট।
শুক্রবার সুপ্রিম কোর্ট সংবিধানের ৬ অনুচ্ছেদের আওতায় মুশাররফের বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ সম্বলিত একটি আবেদন গ্রহণ করেছে।লাহোর হাই কোর্টের রাওয়ালপিন্ডি বেঞ্চ বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চৌধুরি তৌফিক আসিফ এ আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সোমবার এ আবেদনের শুনানির দিন ধার্য করেছে।
আবেদনে বলা হয়েছে, ১৯৯৯ ও ২০০৭ সালে সংবিধান লঙ্ঘন করে জরুরি অবস্থা জারি করা এবং ঊর্ধ্বতন বিচারকদের বরখাস্ত করে দেশদোহীতা করেছেন মুশাররফ। তিনি একজন বিশ্বাসঘাতক।
এ অভিযোগে আরেক বিপত্তিতে পড়েছেন নির্বাচনের জন্য সদ্য দেশে ফেরা মুশাররফ।চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর সাধারণ নির্বাচনে অংশ নিতে তালেবানের হুমকি ও গ্রেপ্তারের আশঙ্কা উপেক্ষা করে গত ২৪ মার্চ দেশে ফেরেন মুশাররফ।
কিন্তু তার নির্বাচনী ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে।শুক্রবার ওই দেশদ্রোহীতা মামলার মুখে পড়ার আগেই একইদিনে মুশাররফের মনোনয়নপত্র বাতিল হয়।
‘দ্য ডন’ এর খবরে বলা হয়েছে, কাসুরে(জাতীয় পরিষদের ১৩৯ নম্বর আসন) মুশাররফের মনোনয়নপত্র প্রত্যাখ্যান করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ সালিম।
মুশাররফের প্রার্থিতা নিয়ে আপত্তি তোলেন স্থানীয় আইনজীবী জাভেদ কাসুরি।সংবিধানের ৬২ ও ৬৩ ধারা অনুযায়ী মুশারররফ ১১ মের সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন বলে দাবি করেন তিনি।
কাসুরির আপত্তির মুখেই বাতিল হয় মুশাররফের মনোনায়নপত্র। মুশাররফ করাচি, ইসলামাবাদ, চিত্রাল ও কাসুর—এ চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
এরই মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জাফরুল্লাহ পাকিস্তান মুসলিম লিগ নেওয়াজ (পিএমএল-এন)এর প্রার্থী আহসান ইকবালের পক্ষ থেকে মুশাররফকে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন।
ওই প্রার্থীর অভিযোগ, আকবর বুগতি হত্যা মামলা, বেনজির ভুট্টো হত্যা মামলাসহ চারটি মামলায় জড়িত থাকার কারণে মুশাররফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।
এ সমস্ত মামলার পাশাপাশি পাকিস্তানের আইনজীবীরা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী সাবেক এ স্বৈরশাসককে দেশদ্রোহীতা মামলায় বিচার করার পুরোনো দাবিতে সোচ্চার হয়েছেন।
