২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে নতুন বার্ড ফ্লুতে ৫ জনের মৃত্যু

চীনের এইচ৭এন৯ বার্ড ফ্লুতে মৃতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে।নতুন এ বার্ড ফ্লু মানুষ থেকে মানুষের দেহে সংক্রমিত হতে দেখা না গেলেও ভাইরাস মোকাবেলায় সতর্ক ব্যবস্থা নিচ্ছে বেইজিং।

আন্তর্জাতিক ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 10:23 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

ওদিকে, জাপান, ভিয়েতনাম এবং হংকংও প্রাথমিক সতর্কতা জোরদার করেছে।তারা বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে এবং চীন থেকে হাস-মুরগি আমদানি বন্ধ করেছে। চীনের সাংহাইয়ে মার্চে নতুন এইচ৭এন৯ বার্ড ফ্লুতে ২ জনের মৃত্যুর পর এপ্রিলে আরো ৪ জনের দেহে এ ফ্লু সংক্রমণ ধরা পড়ার কথা জানায় কর্তৃপক্ষ। ৮৭ এবং ২৭ বছর বয়সী দুই জন ব্যক্তি ফেব্রুয়ারিতে এ ফ্লুতে অসুস্থ হয়ে মার্চের শুরুর দিকে মারা যায়। বৃহস্পতিবার সাংহাইয়ে আরো দুজন এবং ঝেজিয়াং এ একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। তাছাড়া, দেশব্যাপী মোট ১৪ জন এ ফ্লু আক্রান্ত হয়েছে বলেও নিশ্চিত করেছে কর্তপক্ষ। এদের বেশিরভাগই দেশের পূর্বাঞ্চলের মানুষ। আনহুয়া প্রদেশে এক নারী মার্চের প্রথম দিকে এ ভাইরাস আক্রান্ত হওয়ার কথা দেশটির জাতীয় স্বাস্থ্য ও পরিবার কমিশন (এনএইচএফপিসি) এর বরাত দিয়ে গত সপ্তাহে জানিয়েছিল সিনহুয়া। সর্বশেষ বুধবার পাওয়া খবরে জিয়াংশু প্রদেশে ৩২, ৪৫, ৪৮ বছর বয়সের তিন নারী এবং ৮৩ বছর বয়স্ক এক পুরুষ এইচ৭এন৯ বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।১৯ থেকে ২১ মার্চে ডাক্তারি পরীক্ষায় তাদের দেহে এ সংক্রমণ ধরা পড়ে। আক্রান্তদের দেহে নতুন ধরনে বার্ড ফ্লু এইচ৭এন৯ সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হয়েছেন বিশেষজ্ঞরা। নিবীড় পর্যবেক্ষণ,ল্যাবরেটরীতে পরীক্ষা-নিরীক্ষা এবং মহামারি সংক্রান্ত জরিপ চালিয়ে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের ক্ষেত্রে জ্বর এবং কফের লক্ষণ দেখা গেছে যা পরে নিউমোনিয়ায় রূপ নেয়। কিভাবে এ ভাইরাস সংক্রমণ ঘটছে তা স্পষ্ট বোঝা না গেলেও ভাইরাসটি খুব বেশি সংক্রামক নয় বলে ধারনা করছেন বিশেষজ্ঞরা। কারণ,ভাইরাস আক্রান্তদের সংস্পর্শে থাকা ঘনিষ্ঠ অনেকের মধ্যেই কোন স্বাস্থ্য সমস্যা ধরা পড়েনি। তাছাড়া, নতুন ভাইরাসটির কোন টিকাও নেই বলে এনএইচএফপিসি বরাত দিয়ে জানিয়েছে সিনহুয়া।