ইয়ংবিয়ন পরমাণু চুল্লি ফের চালু করছে উত্তর কোরিয়া
কোরিয়া উপদ্বীপে উত্তেজনার মধ্যে ২০০৭ সালে বন্ধ হয়ে যাওয়া প্রধান ইয়ংবিয়ন পরমাণু স্থাপনার পারমাণবিক চুল্লি আবার চালুর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।
এ চুল্লিতে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের জন্য আরো প্লুটোনিয়াম উৎপাদন করাসহ দেশের জন্য বিদ্যুৎ উৎপাদন করবে বলে মঙ্গলবার জানিয়েছে রাষ্ট্রীয় কেসিএনএ বার্তা সংস্থা।
যুক্তরাষ্ট্র কোরিয়া উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন করে শক্তিবৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া এ ঘোষণা দিল।
প্রশান্ত মহাসাগরে মোতায়েন একটি মিসাইল গাইডেড মার্কিন ডেস্ট্রয়ার কোরীয় উপদ্বীপের পানিসীমায় প্রবেশ করেছে বলে জানিয়েছে মার্কিন এক সেনা সূত্র ।
উত্তর কোরিয়ার রকেট হামলার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কোরীয় উপদ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলে যুদ্ধজাহাজ পাঠায়।
এর আগে উত্তর কোরিয়ার পার্লামেন্ট রোববার দেশের প্রতিরক্ষা খাতে পরমাণু অস্ত্রকে আরো বেশি অগ্রাধিকার দিতে একটি পরিকল্পনা অনুমোদন করে।
দেশটির নেতা কিম জং উনও দেশের নিরাপত্তায় পরমাণু অস্ত্রের ওপর জোর দিয়ে বক্তব্য রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর আভাস দেন।এর পরপরই ইয়ংবিয়ন চুল্লি পুনরায় চালুর পথে যাওয়ার কথা জানাল দেশটি।
সাহায্যের বিনিময়ে নিরস্ত্রীকরণ চুক্তির আওতায় উত্তর কোরিয়া ২০০৭ সালের জুলাইয়ে ইয়ংবিয়ন স্থাপনায় দেশের পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য প্লুটোনিয়ামের অন্যতম উৎস ৫এমডব্লিউ চুল্লিটি বন্ধ করে দিয়েছিল।
চুল্লিটির শীতলীকরণ টাওয়ারও ধ্বংস করা হয়।কিন্তু উত্তর কোরিয়া সব পরমাণু স্থাপনা সত্যিই পুরোপুরি বন্ধ করছে কি না তা নিয়ে যুক্তরাষ্ট্রের সন্দেহের কারণে নিরস্ত্রীকরণ চুক্তিটি স্থবির হয়ে পড়ে।
পরবর্তীতে ২০১০ সালে উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন স্থাপনায় একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্লান্টের খোঁজ মেলার পর যুক্তরাষ্ট্রের সন্দেহ আর দৃঢ় হয়।
উত্তর কোরিয়া এবার প্লুটোনিয়াম উৎপাদনের বন্ধ চুল্লিটি চালুর পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করারও ঘোষণা দিয়েছে।পরমাণু বোমা বানানোর জন্য এটি উত্তর কোরিয়ার আরেকটি পথ।
