মিশর মত প্রকাশের স্বাধীনতা খর্ব করছে: যুক্তরাষ্ট্র
মত প্রকাশের স্বাধীনতা হরণের জন্য মিশরকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। মিশরের প্রেসিডেন্ট মোহামেদ মুরসি ও ইসলাম ধর্মকে অপমান করার তথাকথিত অভিযোগে মিশরের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন ব্যঙ্গকৌতুক উপস্থাপককে জিজ্ঞাসাবাদের পর রাষ্ট্রটির বিরুদ্ধে এ অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এ অভিযোগ করেন।
এ সময় নুল্যান্ড আরো অভিযোগ করে বলেন, মিশরীয় কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে বাছাই করে সরকারকে অপমান করেছে এমন অভিযুক্তদের বিচার করছে আর সরকার বিরোধীদের উপেক্ষা ও তাদের ওপর চালানো হামলাকে অগ্রাহ্য করছে।
২০১১ সালে সাবেক একনায়ক হোসনি মুবারকের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু হওয়ার পর বাসেম ইউসুফ টেলিভিশনে ব্যঙ্গকৌতুক উপস্থাপনের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। ওই গণঅভ্যুত্থানে মুবারকের পতন হওয়ার পর প্রতি রোববার তিনি নিয়মিত শো চালাতে থাকেন।
ইউসুফের অনুষ্ঠানকে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ব্যঙ্গকৌতুক উপস্থাপক জন স্টুয়ার্টের সঙ্গে তুলনা করা হচ্ছিল।
কিন্তু ইসলাম ধর্মকে অবমাননা ও প্রেসিডেন্ট মুরসির ইসলামপন্থা নিয়ে ব্যঙ্গ করার অজুহাত তুলে মুরসির সমর্থকরা ইউসুফের বিরুদ্ধে অন্তত চারটি অভিযোগ দায়ের করে। এতে শনিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সরকার।
রোববার গ্রেপ্তারের পর ২ হাজার ২ শ’ ডলার জামিন দিয়ে ছাড়া পান ইউসুফ।
এ ঘটনার উল্লেখ করে এক বিবৃতিতে নুল্যান্ড বলেন, “মত প্রকাশের স্বাধীনতা রোধ করা হচ্ছে বলে আমরা উদ্বিগ্ন।”
ইউসুফের মামলা উল্লেখ করে তিনি বলেন, “এই ঘটনা ও এর আগে অন্যান্য রাজনৈতিক আন্দোলনকারীদের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা, মত প্রকাশের স্বাধীনতার ওপর নিয়ন্ত্রণ আরোপ করার প্রবণতার প্রমাণ।”
“মিশর সরকার যখন এই ধরনের ঘটনার তদন্ত করছে তখন অন্যদিকে ২০১২ সালে ডিসেম্বরে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরের বিক্ষোভকারীদের ওপর হামলা ও মারাত্মক পুলিশি নিষ্ঠুরতা ও সাংবাদিকদের অবৈধভাবে বাধা দেওয়ার বিষয়গুলোর তদন্তে ধীরগতি ও অপর্যাপ্ত তদন্তের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।”
“এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা পাচ্ছে বলে মনে হচ্ছে না,” বলেন তিনি।
এদিকে, রোববার মুখ্য আইন কর্মকর্তার দপ্তরে একটি ঢিলেঢালা গ্রাজুয়েশন টুপি পরে হাজির হয়েছিলেন ইউসুফ। মার্চে পাকিস্তানে একটি সম্মানিক ডিগ্রি গ্রহণকালে প্রেসিডেন্ট মুরসি ওই রকম একটি টুপি পরেছিলেন। এটি মুরসির বিরুদ্ধে তার অবজ্ঞা প্রকাশের একটি কৌশল বলে মনে করা হচ্ছে।
