লিবিয়ার প্রধানমন্ত্রীর সহযোগী অপহৃত
লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জাঈদানের শীর্ষ সহযোগী মুহাম্মদ আল ঘাত্তাউস রাজধানী ত্রিপোলির উপকন্ঠে অপহৃত হয়েছেন বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
রোববার নিজ শহর মিসরাতা থেকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় ঘোত আল নোমান থেকে তাকে অপহরণ করা হয় বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি জানায়, তার গাড়িটি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে এবং কর্তৃপক্ষ ঘটনাটি খতিয়ে দেখছে।
প্রধানমন্ত্রী জাঈদান এদিনই সতর্ক করে দিয়ে বলেছিলেন, তার সরকারের সদস্যরা হত্যার হুমকি পাচ্ছে।৪ মাস আগে ক্ষমতায় আসার পর থেকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে বলে নিয়মিত সংবাদ ব্রিফিং এ বলেছিলেন তিনি।
এরই মধ্যে ঘাত্তাউস অপহরণের ঘটনার পর মন্ত্রিসভার নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, “তাকে(ঘাত্তাউস)নিঃসন্দেহে একটি ভুয়া তল্লাশিকেন্দ্রে নেয়া হয়েছিল।”
নিরপত্তা সদস্যদের বেশে অপহরণকারীরা তাকে অপহরণ করে থাকতে পারে জানিয়ে তিনি বলেন, “তিনি কোথায় কেউ জানে না।তারা গাড়ি ফেলে রেখে গেছে।”
লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের সময় গজিয়ে ওঠা রক্ষীবাহিনীগুলোকে সরকার নিরস্ত্র করার ঘোষণা দেয়ার পর থেকেই দেশটির মন্ত্রিসভা ও সরকারি সদস্যদের নিরাপত্তা হুমকি বাড়ছে।
গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে একটি সশস্ত্র দল তার বাসভবন ঘেরাও করে এবং রোববার একই ভাবে দেশটির আইনমন্ত্রীর বাসভবনও কয়েকঘন্টার জন্য অবরোধ করে রাখে।
