২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়াত্তাই প্রেসিডেন্ট: কেনিয়ার সুপ্রিম কোর্টের রায়

কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে উহুরু কেনিয়াত্তাই বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। নির্বাচনে পরাজিত প্রার্থী রাইলা ওদিঙ্গা আদালতের এ রায় মেনে নিয়েছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 31 Mar 2013, 07:00 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সর্বোচ্চ আদালত শনিবার এ রায় ঘোষণা করে।

এতে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমিত হয়েছে। পাঁচ বছর আগে নির্বাচনী ফলাফল নিয়ে সৃষ্ট বিরোধে ভয়াবহ গোষ্ঠিগত দাঙ্গায় অনেক প্রাণহানি হয়েছিল।

আদালতের এই রায়ের ফলে পূর্ব আফ্রিকার সর্ববৃহৎ অর্থনীতির দেশের শীর্ষ ধনী কেনিয়াত্তার প্রেসিডেন্ট হওয়ার পথে আর কোনো বাধা রইল না। তবে কেনিয়াত্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকায় অনেক দেশই এ ধরনের নেতার সঙ্গে লেনদেনে অস্বস্থি বোধ করবে।

রায় ঘোষণার পর ওদিঙ্গার সমর্থক অধ্যুষিত পশ্চিমাঞ্চলীয় শহর কিসুমুতে উত্তেজিত তরুণদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রায় ঘোষণার পরপরই কয়েকশত তরুণ বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে তারা পুলিশের দিকে পাথর ছুড়তে শুরু করলে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ও ফাঁকা গুলি ছুড়ে।

বিক্ষোভকারীরা দোকানপাট লুট করে ও রাস্তায় টায়ার জ্বালিয়ে রাখে। পাঁচ বছর আগে এই শহরটিই দাঙ্গার মূল কেন্দ্র ছিল।

গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত ও অন্য ১১ জন আহত হয়েছে বলে কেনিয়া রেডক্রসের এক কর্মকর্তা জানিয়েছেন।

আদালতের রায় ঘোষণার কিছুক্ষেণের মধ্যেই টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে ওদিঙ্গা বলেন, “আদালতের রায় ঘোষিত হয়েছে, আমি নির্বাচিত প্রেসিডেন্ট মাননীয় উহুরু কেনিয়াত্তা ও তার দলের মঙ্গল কামনা করছি।”