পদত্যাগ করতে পারেন ইতালির প্রেসিডেন্ট
ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠণ করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। এদিকে, মেয়াদের শেষ মাসগুলোতে নির্বাচিত সংসদ ভেঙে দিতে পারেন না প্রেসিডেন্ট। পার্লামেন্ট ভাঙা না গেলে নতুন নির্বাচন আয়োজন করারও সুযোগ নেই।
সরকার গঠণের সর্বশেষ উদ্যেগ ব্যর্থ হওয়ার পর নতুন নির্বাচনের সুযোগ করে দিতে পদত্যাগ করার কথা বিবেচনা করছেন ইতালির প্রেসিডেন্ট গিওর্গিও ন্যাপোলিতানো।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র শনিবার এ কথা জানিয়েছেন।
সাধারণ নির্বাচনের পর এক মাসের বেশি সময় পার হয়ে গেলেও সরকার গঠণ করতে পারেনি ইতালির রাজনৈতিক দলগুলো। ডেমক্রেটিক পার্টি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অন্য কোনো দলের সঙ্গে জোটবদ্ধভাবে সরকার গঠণেও ব্যর্থ হয়েছে তারা।
“অন্য অনেকগুলো বিকল্পের পাশাপাশি এই পরিকল্পনা নিয়েও ভাবছেন প্রেসিডেন্ট,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র। বিষয়টি স্পর্শকতার বলে নাম প্রকাশ করা থেকে বিরত থাকেন তিনি।
এ বিষয়ে শনিবারের মধ্যেই প্রেসিডেন্ট একটি বিবৃতি দিতে পারেন বলে জানান তিনি।
ইতালির প্রধান সংবাদপত্রগুলো ইঙ্গিত দিয়েছে, আগাম অবসরে যাওয়ার বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ন্যাপোলিতানো। আগামী ১৫ মে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হবে।
ইতালির সংবিধান অনুযায়ী, মেয়াদের শেষ মাসগুলোতে নির্বাচিত সংসদ ভেঙে দিতে পারেন না প্রেসিডেন্ট। পার্লামেন্ট ভাঙা না গেলে নতুন নির্বাচনেরও সুযোগ নেই।
ফেব্রুয়ারির ২৪ ও ২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোনো কার্যকরী জোট গঠিত না হওয়ার সরকার গঠণ প্রচেষ্টায় অচলাবস্থা তৈরি হয়েছে। শুক্রবার এর একটি সুরাহা করার জন্য শীর্ষ রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠকে বসেন প্রেসিডেন্ট।
কিন্তু প্রেসিডেন্টের এই প্রচেষ্টাও ব্যর্থ হয়। এতে ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে রাজনৈতিক অবচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা ছড়িয়ে পড়েছে।
