২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় মুসলিম মালিকানাধীন দোকানে বৌদ্ধদের হামলা

ধারণকৃত ছবিতে দেখা গেছে, বৌদ্ধভিক্ষুরা কলম্বোর একটি জনপ্রিয় পোশাক কেন্দ্রের মুসলিম মালিকানাধীন বিভিন্ন দোকানে পাথর ছুঁড়ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 09:45 AM

Updated : 25 Apr 2022, 06:32 PM

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বৌদ্ধভিক্ষুদের নেতৃত্বে শত শত মানুষ মুসলিমদের মালিকানাধীন পোশাকের দোকানে হামলা চালিয়েছে। এতে আহত হয়েছেন অনেকে।

বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।
ধারণকৃত ছবিতে দেখা গেছে, বৌদ্ধভিক্ষুরা কলম্বোর একটি জনপ্রিয় পোশাক কেন্দ্রের মুসলিম মালিকানাধীন বিভিন্ন দোকানে পাথর ছুঁড়ছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মুসলিমদের জীবনধারার বিরুদ্ধে শ্রীলঙ্কার কট্টরপন্থী বৌদ্ধদের আন্দোলনের ডাক দেওয়ার ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে।

এই হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে মুসলিমদের নিরাপত্তার ব্যাপারে আলোচনার জন্য আইনমন্ত্রী রউফ হাকিম প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন।

রউফ হাকিম নিজে একজন ইসলাম ধর্মাবলম্বী।

তামিল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শ্রীলঙ্কার সেনাবাহিনী চূড়ান্ত বিজয় অর্জন করার চার বছর পর দেশটিতে এই ধরনের ঘটনা ঘটছে।
শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী।

দেশটির তিক্ত গৃহযুদ্ধের সময় থেকেই তামিল ভাষাভাষী সংখ্যালঘু মুসলিমদের নিম্নমর্যাদায় জীবনযাপন করতে হচ্ছে। সংখ্যায় তারা দেশটির মোট জনসংখ্যার ৯ শতাংশ।

কিন্তু এখন কট্টর আদিবাসী বা গোত্রীয় সংখ্যাগরিষ্ঠরাও তাদের হামলার লক্ষ্যে পরিণত করছে।

কলম্বোয় বিবিসির প্রতিবেদক চার্লস হ্যাভিল্যান্ড বলেন, বৌদ্ধভিক্ষুদের নেতৃত্বে বিক্ষুদ্ধ প্রায় ৫শ’ মানুষ চিৎকার করে পোশাকের দোকানের মুসলিম মালিকদের অকথ্যভাষায় গালিগালাজ ও নাজেহাল করে।

এ সময় দায়িত্বরত সাংবাদিকদেরও তারা হুমকি-ধামকি দেয়।
হামলার এই ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছে। তাদের মধ্যে একজন ক্যামেরাম্যানও রয়েছেন যার শরীরে সেলাই দিতে হয়েছে।
পুলিশ শুরুতে এই ঘটনায় দর্শকের ভূমিকা পালন করলেও এটি ছড়িয়ে পড়ার আগ মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

পুলিশের মুখপাত্র বুদ্ধিকা সিরিওয়ার্দেন বলেন, ‘আমরা বিশেষ বাহিনীর বাড়তি সদস্যদের পরিস্থিতি মোকাবেলায় নিয়োজিত করেছি।’

তিনি আরো বলেন, ‘কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে।’ তবে এতে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলেও তিনি জানিয়েছেন।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পোশাকের দোকানের কাঁচের দেয়া ভেঙ্গে কাপড়-চোপর রাস্তায় এনে ফেলে দেয়া হয়েছে।

শ্রীলঙ্কার নববর্ষকে সামনে রেখে চলতি সপ্তায় কট্টর বৌদ্ধ গোষ্ঠী মোবাইলে ক্ষুদেবার্তায় মুসলিমদের মালিকানাধীন দোকান থেকে পোশাক না কেনার আহ্বান জানায়।

শ্রীলঙ্কায় মুসলিমদের জীবনধারা ও হালাল খাবার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বৌদ্ধ উগ্রবাদীদের চালানো প্রচারণা ও আন্দোলনের বিরুদ্ধে বেশ কয়েকটি মুসলিম গোষ্ঠী ধর্মঘটের ডাক দেয়ার পর দেশটির সরকারে শরিক কট্টরপন্থী বৌদ্ধ রাজনৈতিক দল এক বিবৃতিতে জানায়, ‘সিংহলি বৌদ্ধদের এ ধরনের মুসলিম উগ্রবাদিদের এমন শিক্ষা দেওয়ার সংকল্প গ্রহণ করা উচিৎ যেন তারা (মুসলিম) কখনো তা ভুলে যেতে না পারে।’