তাঞ্জানিয়ায় বহুতল ভবন ধসে নিহত ১৫
তাঞ্জানিয়ার দার এস সালামে শুক্রবার একটি বহুতল ভবন ধসে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে আরো বেশ কিছু সংখ্যক মানুষ।
ভবনটি নির্মাণাধীন ছিল। ধ্বংসস্তুপ থেকে ১৫ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা চাপা পড়াদের উদ্ধারকাজ শুরু করেছে বলে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানিয়েছেন পুলিশ কমান্ডার সুলাইমান কোভা।
ভবনটির ১২ কিংবা তার বেশি তলা ভেঙে পড়েছে এবং এ পর্যন্ত দুজনকে জীবীত উদ্ধার করা গেছে বলে জানান তিনি।
ভবনটির নির্মাণকর্মী, অধিবাসী এবং শিশুসহ ৪৫ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এক প্রত্যক্ষদর্শীর উক্তি, “মনে হল যেন ভূমিকম্প হচ্ছে, তারপর আমি চীৎকার শুনলাম। গোটা ভবন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল।”
বিশালাকার ক্রেন এবং বুলডোজার দিয়ে ধ্বংস স্তুপ সরানো হচ্ছে। চাপা পড়াদের অনেকেই বেঁচে আছে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তুপে আটকা পড়া অনেকেই আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবের কাছে ফোন করছে বলে জানিয়েছেন সংবাদদাতারা।
