ক্ষমা চাই না, আত্মসমর্পণ করব: সঞ্জয়
মুম্বাইয়ে ১৯৯৩ সালের বোমা হামলার ঘটনায় ৫ বছরের কারাদণ্ড পাওয়া বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এ সাজা থেকে রেহাই পেতে ক্ষমা ভিক্ষা চান না বরং আইনের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন।
ভারতের সুপ্রিম কোর্ট সম্প্রতি সঞ্জয় দত্তকে দেশের অস্ত্র আইনে ওই দণ্ড দেয়।
আদালতের এ রায় সম্পর্কে সঞ্জয় বৃহস্পতিবার তার মুম্বাইয়ের বাসভবনে সাংবাদিকদের বলেন, “আমি ক্ষমা চাইব না।এ নিয়ে বিতর্কের কিছু নেই।সম্মানিত সুপ্রিম কোর্ট আমাকে আমাকে সময় দিয়েছে এবং আমি এ সময়ের মধ্যেই আত্মসমর্পণ করব।”
“আমি এখন ভেঙে পড়া একজন মানুষ। আমার পরিবারও ভেঙে পড়েছে,” বলেন তিনি।
অশ্রুসজল চোখে সঞ্জয় আরো বলেন, “আমার এখনো অনেক কাজ বাকি। আমার পরিবারকে সময় দিতে হবে। আত্মসমর্পণ না করা পর্যন্ত দয়া করে আপনারা আমাকে শান্তিতে থাকতে দিন।”
সাংবাদিকদেরকে একথা বলার সময় সঞ্জয়ের পাশে ছিলেন তার বোন ।এক পর্যায়ে বোনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন সঞ্জয়।
গত সপ্তাহে আদালতের রায় ঘোষণার পর এই অভিনেতা আত্মসমর্পণ করবেন নাকি কারাভোগ থেকে রক্ষা পেতে ক্ষমা প্রার্থনা করবেন তা নিয়ে জল্পনা চলছিল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সঞ্জয় তার অবস্থান জানালেন।
