আপাতত সাধারণ আবাসেই থাকতে চান নবনির্বাচিত পোপ
ভ্যাটিকানের মুখপাত্র ফেদেরিকো লমবার্দি জানিয়েছেন, পোপের জন্য নির্ধারিত অ্যাপোস্টলিক প্রাসাদে কয়েক ডজন রুম, কর্মীদের থাকার ব্যবস্থা ও বড় বড় বারান্দা আছে, কিন্তু শিগগিরই সেখানে ওঠার কোনো ইচ্ছা তার মধ্যে দেখা যাচ্ছে না।
ভ্যাটিকানের নবনির্বাচিত পোপ ফ্রান্সিস এখনো পোপের জন্য নির্ধারিত বাসস্থানে উঠেননি। পোপ নির্বাচনের আগে ভ্যাটিকানে এসে আধুনিক হোটেলের আদলে নির্মিত যে আবাসটিতে প্রথম উঠেছিলেন এখানো সেখানেই আছেন তিনি।
গত ১৩ মার্চ প্রথম ইউরোপের বাইরে কোনো দেশের নাগরিক হিসেবে পোপ নির্বাচিত হন আর্জেন্টাইন পোপ হোর্হে বেরগোলিও।নির্বাচিত হওয়ার পর তিনি প্রথম ফ্রান্সিস নাম গ্রহণ করেন।
ভ্যাটিকানের মুখপাত্র ফেদেরিকো লমবার্দি জানিয়েছেন, পোপের জন্য নির্ধারিত অ্যাপোস্টলিক প্রাসাদে কয়েক ডজন রুম, কর্মীদের থাকার ব্যবস্থা ও বড় বড় বারান্দা আছে, কিন্তু শিগগিরই সেখানে ওঠার কোনো ইচ্ছা তার মধ্যে দেখা যাচ্ছে না।
গত কয়েকদিনে লোকজনকে সাক্ষাৎ দেওয়া ও অন্যান্য কাজের জন্য এই প্রাসাদের ১শ’ ৩০টি রুমের মধ্যে মাত্র একটি রুম ব্যবহার করেছেন নতুন পোপ, জানান লমবার্দি।
পূবর্বর্তী পোপ ষোড়শ বেনেডিক্ট থেকে বর্তমান পোপ ফ্রান্সিস অনেকটা আড়ম্বড়হীন জীবন-যাপন বেছে নিয়েছেন। বেনেডিক্ট অনেক ঝাঁকজমকপূর্ণ পোষাক ব্যবহার করতেন।
লমবার্দি জানান, নতুন পোপ ফ্রান্সিস আবাসিক সমাজের পরিবেশ পছন্দ করেন, তিনি অন্যান্য যাজকদের পাশাপাশি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
প্রতিদিন সকালে ভ্যাটিকান গির্জার প্রার্থনায় পোপ বক্তৃতা করেন। ভ্যাটিকানের কর্মী ও অন্যান্য অতিথিদেরও তিনি সেখানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান।
“আমি ভবিষ্যতের কথা বলতে পারবো না, তবে মনে হচ্ছে এখন তিনি সাধারণভাবে সবাইকে নিয়ে থাকার ধরনটি পরীক্ষা করে দেখছেন। এই পর্যায়ে তিনি যেখানে আছেন সেখানেই থাকার ইচ্ছা প্রকাশ করেছেন,” বলেন লমবার্দি।
